মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবরিনা আফরিন
সাবরিনা আফরিন

বিয়ে হয়েছে গত ২৬ জুন। মধুচন্দ্রিমা চলছে এখনো। তারই অংশ হিসেবেই কিনা স্বামীর সঙ্গে এলেন মিরপুরের গ্যালারিতে। সাবরিনা আফরিন বেশ উৎফুল্ল। ক্রিকেট ভালোবাসেন, টিভিতে দেখতে দেখতে খুঁটিনাটি সবই বুঝে গেছেন। সাকিব ব্যাট করার সময় বারবার লাফিয়ে উঠছিলেন। ছোট বোন সুমাইয়া আক্তার আর দেবরও তাঁর ক্রিকেট উদ্যাপনের সঙ্গী। চারজনের দলটি খেলা দেখতে এসেছে উত্তরা থেকে। বাংলাদেশ দলের ব্যাটিংয়ে আসা-যাওয়া চলছে, তবু এঁরা সবাই আশার ভেলায় চড়লেন। বিএএফ শাহীন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী সাবরিনা যেন একটু বেশিই আশাবাদী, ‘রান আমরা যা-ই করি, জিতে যাব ইনশা আল্লাহ।’ পাশ থেকে স্বামী ঢাকা ব্যাংকের কর্মকর্তা ওবায়দুল ইসলামও স্ত্রীর সঙ্গে কণ্ঠ মেলান। তাঁর শ্যালিকা সুমাইয়া হঠাৎ বেশ বিরক্ত। ব্যাটিংয়ে মোটেও সুবিধা করতে পারছে না বাংলাদেশ। ৮-১০ বছরের মেয়েটির কণ্ঠে শোনা যায়, ‘ধুর, এত আশা করে এলাম।’ তখনই মাশরাফি-ভক্ত সাবরিনা একটু ধমক দিয়েই ছোট বোনকে বলেন, ‘এই চুপ কর।’ বলতে বলতে নড়চড়ে বসেন। স্বামীকে দিয়ে আগের দিন টিকিট জোগাড় করেছেন ‘একরকম চাপ প্রয়োগ করেই’। এই নিয়ে দ্বিতীয়বার মাঠে এলেন। বিয়ের পর প্রথম। নিজেরাই হাসতে হাসতে বললেন, ‘হ্যাঁ, বলতে পারেন ক্রিকেট মাঠে হানিমুনেই আছি!’