মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাকিব সিদ্দিক
রাকিব সিদ্দিক

শরীর মুড়িয়েছেন লাল-সবুজ পতাকায়, গায়ে ২০১১ বিশ্বকাপের বাংলাদেশের জার্সি। হাতে একটা ট্রফি। ফ্লাডলাইটের আলোয় ট্রফিটা ঝকমক করছে! তাঁর হাতে এটা এল কীভাবে? অবশ্য ভুল ভাঙতে সময় লাগল না। টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাটা রাকিব সিদ্দিক এতটাই নিখুঁতভাবে বানিয়েছেন যে চট করে ধরা মুশকিল!
কথা বলতে গিয়ে খানিকটা ধাক্কাই খেতে হলো। বিষয়টি বুঝতে পেরেই দ্রুত এগিয়ে এলেন পেছনে বসা তাঁর সহকর্মী রফিক জামান। প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত গ্যালারির সামনের সারিতে বসা রাকিব কথা বলতে পারেন না। তাঁর হয়ে উত্তর দিলেন রফিক।
মা ও তিন ভাইবোনের সঙ্গে দিলু রোডে থাকেন রাকিব। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন আদাবরে একটি বেসরকারি সংস্থায়। বুধবার জিম্বাবুয়ের সঙ্গে শেষ ওয়ানডেতে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত টিকিট পেয়েছিলেন। তবে কাল ম্যাচের আগে আর মেলেনি। চরম অনিশ্চয়তার পরও বুকে মৃদু আশা নিয়ে দাঁড়িয়েছিলেন গেটে। ভাগ্য সুপ্রসন্ন, গেটেই দেখা হয়ে গেল রফিকের সঙ্গে। টিকিট পেয়ে তখন রাকিবের আনন্দ দেখে কে!
ট্রফি বানানোর কারণ জানতে চাইলে রফিককে ইশারায় কী যেন বোঝালেন। যার অর্থ, ‘বাংলাদেশ দলের হাতে এমন ট্রফি দেখতে চাই’!