মাঠের মুখ

পাকিস্তানের ইনিংস শেষ হয়েছে মাত্র। স্টেডিয়ামে ডিজে গান বাজাচ্ছেন, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল...।’ এ রকম একটা গানের সঙ্গে যে এত হাত-পা ছুড়ে নাচা যায়, সেটা ছেলেটাকে না দেখলে বিশ্বাস করা কঠিন। একটু পর গানটা বদলাল, ছেলেটার নাচও থামল। কাছে গিয়ে ‘কী নাম তোমার’ জিজ্ঞেস করতেই প্রথমে দৌড়ে পালানোর চেষ্টা, পরে অভয় দিতেই হাসিমুখে বলল, ‘সাব্বির রহমান’।
‘তাই? এ নামে তো বাংলাদেশের একজন খেলোয়াড় আছে, জানো?’
‘জানি না মানে...আমার প্রিয় খেলোয়াড়।’
‘প্রিয় কি নামের সঙ্গে মিল বলে?’
সম্মতিসূচক হাসি দিয়ে সাব্বির জানাল, আগে তার প্রিয় ছিল মুশফিকুর রহিম, এখন সাব্বিরই বেশি প্রিয়।
১০ বছর বয়সী সাব্বির পড়ে কাঁঠালবাগান খান হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পঞ্চম শ্রেণিতে।
‘স্টেডিয়ামে কীভাবে ঢুকলে? টিকিট তো নেই মনে হচ্ছে...’
এবার সাব্বিরের আবার পালিয়ে যাওয়ার চেষ্টা। অভয় দেওয়ার পর জানাল, তার ভাই আছে।
‘কোথায় আছে?’
‘আছে জায়গামতো। এখানে চাকরি করে।’
‘কী চাকরি করে?’
‘বলা নিষেধ আছে।’
বোঝা গেল, বয়স কম হলেও কোথায় কতটুকু কথা বলতে হবে এটা এরই মধ্যে বুঝে গেছে সাব্বির।