মাঠের মুখ

সরফরাজের উইকেটটা পড়েছে মাত্র। মিরপুরের গ্যালারি তখন ‘রুবেল, রুবেল’ গর্জনে প্রকম্পিত। গলার আওয়াজে তিনি অন্যদের সঙ্গে পারছেন না। কিন্তু সেটা পুষিয়ে দিচ্ছেন দুহাত শূন্যে ছুড়ে আর মাথা ঝাঁকিয়ে।
‘কী মনে হয়, আজও জিতবে বাংলাদেশ?’ প্রশ্ন শুনে এমনভাবে তাকালেন যেন এমন অদ্ভুত প্রশ্ন জীবনে শোনেননি। তারপর একটু যেন বিরক্ত হয়েই জবাব দিলেন উল্টো প্রশ্নে, ‘আপনার কোনো সন্দেহ আছে?’
বোঝা গেল বাংলাদেশ দলের কড়া সমর্থক ছন্দা। নইলে খেলার ১০ ওভার না যেতেই কেউ দলের জয় নিয়ে এতটা নিশ্চিত হয়! পেশায় গৃহিণী, দুই সন্তানের মা, ওদের পেছনেই বেশি সময় দিতে হয় বলে সব সময় মাঠে এসে খেলা দেখা হয় খুব কমই। কিন্তু আসার ইচ্ছেটা ষোলো আনা।
পাশে বসে থাকা ছন্দার স্বামী মেজবাহ তখন হাসছিলেন। বললেন, ‘এত ক্রিকেট-পাগল, মাঠে আসার জন্য আমার মাথা খেয়ে ফেলে, কিন্তু কী করব বলুন, এমন একটা চাকরি করি, সময় বের করা খুব কঠিন হয়ে যায়।’ কোথায় আছেন, জিজ্ঞেস করার পর বললেন, ‘সেনাবাহিনীতে।’ পেশা নিয়ে এর বেশি কিছু বলতে রাজি হননি। তবে স্ত্রী সম্পর্কে একটা দারুণ তথ্য দিলেন, ‘ও এত লাফাচ্ছিল কেন জানেন, রুবেল উইকেট পেয়েছে বলে। রুবেলের বড় ভক্ত।’ তাই? প্রশ্ন করতেই হেসে দিলেন ছন্দা, ‘কী বোলিং করল দেখেছেন! বিশ্বকাপেও কী দারুণ বোলিং করেছে।’