মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমাদুর রহমান সিদ্দিকী
আহমাদুর রহমান সিদ্দিকী

আহমাদুর রহমান সিদ্দিকী
গ্র্যান্ড স্ট্যান্ডের একেবারে ওপরের সারিতে কয়েকজন তরুণের জটলা। পাশাপাশি আসনে বসে সবাই মিলে গলা ফাটাচ্ছেন, ‘দিবানে, দিবানে, আবার ধরে দিবানে।’ এই গর্জনের মধ্যেই সাব্বিরের বলে একটা ছক্কা মেরে দিলেন হারিস সোহেল। কিছুক্ষণ আগেই পর পর দুটি উইকেট হারালেও আজহার আলী আর সোহেল স্বছন্দে রান করে যাচ্ছেন। কিন্তু সেসব নিয়ে মনে হয় না উচ্ছল এই তরুণদের মাথাব্যথা আছে।
‘রান তো ভালোই করছে আজ পাকিস্তান। কী মনে হয় আবার ধরে দিতে পারবে?’ প্রশ্নটা সবার উদ্দেশেই ছিল। জবাবটা যিনি দিলেন তাঁর মাথায় লাল-সবুজের ব্যান্ড। গলায়ও একটা পতাকা স্কার্ফের মতো করে বাঁধা। নাম আহমাদুর রহমান সিদ্দিকী, ত্রিশের কাছাকাছি বয়স। বললেন, ‘আরে করতে দেন না। ওরা রান না করলে আমরা কী ব্যাটিং করব!’
পেশায় চিকিৎসক আহমাদুর রহমান উচ্চতর ডিগ্রি নিচ্ছেন যুক্তরাষ্ট্রে। ছুটিতে বাংলাদেশে এসেছেন, বাসা মিরপুরের ডিওএইচএসে। দেশের বাইরে থাকেন বলে বন্ধুদের সঙ্গেও দেখা হয় খুব কম। বাংলাদেশের খেলা তাঁকে দেখা হওয়ার সুযোগটা করে দিয়েছে। দল বেঁধে সব বন্ধু মিলে মাঠে চলে এসেছেন। খেলা দেখা আর আড্ডা দুটোই হচ্ছে। সে জন্য অবশ্য একটু কষ্ট করতে হয়েছে। একসঙ্গে ৮-১০টি টিকিট পাওয়া এই বাজারে একটু কঠিন বৈকি!
নিজেই জানালেন, আগেরবার ছুটিতে এসে এশিয়া কাপের ম্যাচ দেখেছিলেন মাঠে বসে। তবে দেশের বাইরে থাকলেও বাংলাদেশের খেলা বাদ দেন না, দেখেন ইন্টারনেটে স্ট্রিমিং করে।