মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু ফয়সাল খান
আবু ফয়সাল খান

গোটা শরীর লাল-সবুজে আবৃত। মাথায় ইয়া বড় এক টুপি। সময়ের অভাবে মুখ ও চুলে রং করতে না পেরে আফসোস করছিলেন। তারপরও গ্যালারিতে তাঁকে আলাদা করে চেনা যায়। আবু ফয়সাল খান নিজেই বলেন, ‘মাঠে অনেক ফানি পোশাক পরে ও মজা করে ক্রিকেট দেখতে ভালোবাসি।’ ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আনন্দ মিছিলে সাপুড়ে সেজেছিলেন। সিডনিতে এক ক্রিকেট শোভাযাত্রায় নেমে গিয়েছিলেন লুঙ্গি-গামছা পরে। সাইক্লিং করেন, সাইকেলে চড়েই ২৬টি দেশ ঘোরা হয়ে গেছে। মধ্য চল্লিশ পেরোনো আবু ফয়সাল বর্তমানে ঢাকার একটি নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তা। কাল মাঠে নিয়ে আসা কিশোর ছেলেকে বারবার বলে দিচ্ছিলেন স্কোর। বিরতির পর তামিম-সৌম্যর উদ্বোধনী জুটিতে রান আসছে আর ‘হবে’, ‘হবে’ করে চেঁচিয়ে যাচ্ছেন। বাড়ি গাজীপুরে, থাকেন মিরপুর স্টেডিয়ামের কাছেই। সব ম্যাচে আসতে পারেন না মাঠে, তবে বাংলাদেশ দল জিতলে আনন্দ মিছিলে যোগ দিতে চলে আসেন স্টেডিয়ামের সামনে। জরি-চুমকি দিয়ে নিজের বানানো বিশাল টুপি পরে হারিয়ে যান জনতার স্রোতে।