মাঠের মুখ

মাথায় বিচিত্র হ্যাট। গায়ে বাংলাদেশের জার্সি। মুখে লাল-সবুজের নকশা। হাতে চায়ের কাপ। কাকে যেন খুঁজতে থাকা এই তরুণকে আলাদাভাবেই চোখে পড়ল শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্যালারিতে। নওয়াপাড়া ডিগ্রি কলেজের ছাত্র একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করেন। ক্রিকেটের পোকা এবং সেটা এতটাই যে মাঠে এসে খেলা না দেখলে মন ভরে না। খুলনায় খেলা হলে তো কথাই নেই, দু-একবার খেলা দেখেছেন মিরপুরে গিয়েও। খেলা দেখতে চান দল বেঁধে, আনন্দ-ফুর্তি আর হইচই করে। এদিনও একা নন। সঙ্গে বোন এসেছে, বন্ধু আর বন্ধুর বোনও। কিন্তু খেলা দেখা নিয়ে তাঁর নাকি ছিল মহাপরিকল্পনা, ‘আরও কয়টা টিকিট চেয়েছিলাম। না পাওয়ায় অনেকেই আসতে পারেনি!’ যে কয়টা পেয়েছেন, তা পেতেও অনেক কষ্ট করতে হয়েছে। গত পরশু সকাল আটটায় লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়েছেন বিকেল পাঁচটায়, তা-ও শুধু প্রথম দিনের। মাঠে ঢোকার সময় বেরসিক পুলিশও মন খারাপ করে দিয়েছে তাঁর, ‘বাংলাদেশ তো টেস্টেও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে। আমি একটা মার্কার পেন এনেছিলাম হোয়াইটওয়াশের কথা লিখব বলে। কিন্তু পুলিশ ওটা আনতে দিল না! মজাটাই নষ্ট হয়ে গেল।’