মাঠের মুখ

আশাবাদী বোধ হয় একেই বলে! বৃষ্টি প্রথম চার দিনে খেলা হতে দিল মাত্র ১৩৩.৪ ওভার। শেষ হয়নি এক ইনিংসের খেলাও। তার পরও ফতুল্লা টেস্টের পঞ্চম দিনে যাঁরা মাঠে এলেন, তাঁদের আশাবাদী না বলে উপায় নেই। আরও তিন ভাইবোন নিয়ে মাঠে আসা সামিয়া আফরিন সেই গুটি কয়েক আশাবাদীদের দলের প্রতিনিধি। দুপুর পৌনে একটায় খেলা শুরু হওয়ার ঘোষণাটা তখনো আসেনি। কাজ চলছিল মাঠ পরিচর্যার। নারায়ণগঞ্জের দেওভোগ থেকে আসা ভাইবোনের দলটা তবু হাজির হয়ে গেল গ্যালারিতে। নারায়ণগঞ্জ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়া সামিয়া তো প্রতিজ্ঞাই করে ফেললেন, ‘আজ (গতকাল) পুরো খেলা দেখে ফিরব। খেলা না হলে বসে বসে বৃষ্টিতে ভিজব।’ জীবনে প্রথমবার স্টেডিয়ামে আসার রোমাঞ্চ এ রকম হতেই পারে। তার ওপর চোখের সামনে তখন ফুটবল খেলছে বিরাট কোহলি আর তাঁর সতীর্থরা। টেলিভিশনে ক্রিকেটের নিয়মিত দর্শক সামিয়ার স্বপ্নের ক্রিকেটার যে ওই কোহলিই! ‘কোহলি আর সাকিব আমার প্রিয় খেলোয়াড়। তবে কোহলিই বেশি...ও সাকিবের চেয়েও ভালো খেলে।’