মাঠের মুখ

পেশা তার অন্দরসজ্জার। কাঠের কারুকাজে মানুষের ঘর সাজান। ব্যস্ততা এই জীবিকা নিয়েই। খেলাধুলার প্রতি প্রবল আগ্রহটা তাই চাঁদগাঁওর বাসার টেলিভিশনের পর্দাতেই সীমাবদ্ধ ছিল এত দিন। ৫৪ বছর বয়সী সেই আবুল বাশার কাল জীবনে প্রথমবারের মতো এলেন আন্তর্জাতিক ক্রিকেটের গ্যালারিতে। হাতের ইশারায় পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে ফয়সালকে দেখিয়ে বললেন, ‘ওর জন্যই আসা’। সঙ্গে তিন ভ্রাতুষ্পুত্র নয়ন, সবুজ ও নিজাম। সবাই ক্রিকেটের পোকা। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে বসা পাঁচ সদস্যের দলটাতে ক্রিকেটের আসল সমঝদার আবুল বাশার নিজেই! খেলাধুলাই তাঁর প্রাণ, ‘ছোটবেলা থেকেই খেলার প্রতি ঝোঁক। টেলিভিশনে বাংলাদেশের সব খেলা দেখি। মাহমুদউল্লাহর খেলা খুব ভালো লাগে। অনেক বুঝেশুনে খেলে।’ উইকেটেও তখন মাহমুদউল্লাহ। সঙ্গী ছিলেন তামিম ইকবাল। তবে ঘরের ছেলের ব্যাটিং আবুল বাশারকে খুব টানে বলে মনে হলো না, ‘তামিমের মাথা গরম...রাগ বেশি। বোলাররা এখন এক ওভারের ছয়টা বল ছয় রকমভাবে করে। সবাই সেটা বুঝে খেললেই ভালো।’ ক্রিকেটের নিয়মিত খোঁজখবর রাখেন বলেই হয়তো বাংলাদেশ দলের নবীন ক্রিকেটারদের নিয়ে তাঁর আশার শেষ নেই। সৌম্য আর মুস্তাফিজের কথা বললেন আলাদা করে, ‘দুইটা ছেলেই খুব ভালো খেলে। মুস্তাফিজ যেভাবে বল করে, মনে হয় ওর হাতে জাদু আছে!’