মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহানা সুলতানা
ফারহানা সুলতানা

ক্রিকেট মাঠে তিনি নতুন নন। নতুন কালকের অভিজ্ঞতাটা। বন্ধুর সঙ্গে এসেছিলেন চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা দেখতে। কিন্তু স্টেডিয়ামের গেটেই পড়লেন বিপত্তিতে। নিরাপত্তাকর্মীরা সঙ্গে কিছুই নিতে দেবেন না। হাতে করে আনা সেলফি স্ট্যান্ডটা তো রেখে দেবেনই, ব্যাগে সাজসজ্জার সরঞ্জামও ‘বাজেয়াপ্ত’ করার মতো অবস্থা! খেলা দেখতে এসে এ রকম ঝামেলায় পড়তে হবে ভাবতেই পারেননি চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটির প্রকৌশলের ছাত্রী ফারহানা সুলতানা, ‘অনেক অনুরোধ করলাম। ওগুলো তারা কিছুতেই আনতে দেবে না। আমি যে আমার জিনিসগুলো যাওয়ার সময় ফেরত পাব, সে নিশ্চয়তাও নেই।’ বাধ্য হয়ে ফারহানা ফিরে গেলেন স্টেডিয়াম গেট থেকে। কাছে এক দোকানে গিয়ে অনুরোধ করলেন জিনিসগুলো বিকেল পর্যন্ত গচ্ছিত রাখতে। ফারহানাকে বলা হয়েছে, আগের দিন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের সঙ্গে মাঠে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সে কারণেই এমন কড়াকড়ি। তাঁর বিস্ময় তবু কাটে না, ‘তাই বলে মেকআপের জিনিসপত্রও রেখে দেবে! এ রকম হলে মাঠে কী কী আনা যাবে না, সেসব আগে থেকে জানিয়ে দিলেই হয়।’ কালকের ঘটনার আগ পর্যন্ত চট্টগ্রামের এই তরুণীর কাছে ক্রিকেট শুধুই বিনোদনের খোরাক ছিল। টি-টোয়েন্টির উত্তেজনা, ওয়ানডের রোমাঞ্চ বা টেস্টের ঘুমপাড়ানি মেজাজ-কোনোটার মধ্যেই কোনো পার্থক্য দেখেন না। যদিও খেলার সব খুঁটিনাটি নাকি তাঁর নখদর্পণে, ‘এক এলবিডব্লু ছাড়া সব বুঝি। এলবিডব্লু হলো কি না, এটাই শুধু ধরতে পারি না।’