মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুন নাহার কানন
কামরুন নাহার কানন

‘১৫ মিনিটের মধ্যেই উইকেট পড়বে!’ আশপাশের দু-একজন ঘাড় ঘুরিয়ে এক পলক দেখলেন তাঁকে। মাথায় লাল-সবুজ হ্যাট পরা কামরুন নাহার কাননের মুখে উচ্ছ্বাসের ঢেউ।
নাসির হোসেনের করা ১১তম ওভারে সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হলো কাননের অনুমান। লং অনে নাসিরকে তুলে মারলেন ম্যালকম ওয়ালার। বল বাতাসে ভাসতে দেখেই রীতিমতো লাফিয়ে উঠলেন! তামিম ইকবাল চেষ্টাও করেছিলেন অবশ্য। তবে ক্যাচ নয়, শেষ পর্যন্ত সেটি ছক্কাই হলো! খানিকটা হতাশ হয়ে আবার বসে পড়লেন। তবে আশা ছাড়লেন না। মাঠের দিকে হাসিমুখেই তাকিয়ে রইলেন অনুমান সত্যি হওয়ার আশায়!
কীভাবে বুঝলেন ১৫ মিনিটেই উইকেট পড়বে? কাননের চোখের তারায় রহস্য! অবশ্য স্নিগ্ধ হাসিতে রহস্যটা খোলাসা করলেন দ্রুতই, ‘যেভাবে জিম্বাবুয়ের উইকেট পড়ছে, তাতেই অনুমান করছি উইকেট পড়বে এ সময়েই!’
অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী কানন টিভিতে নিয়মিত খেলা দেখলেও মাঠে এলেন এই প্রথম। তারিয়েই উপভোগ করছিলেন সবকিছু। একটাই প্রত্যাশা, বাংলাদেশ এ ম্যাচটাও জিতবে অনায়াসে। তাতেই তাঁর ‘অভিষেক’টা হয় দুর্দান্ত!