মাঠের মুখ
ভিআইপি গেটের পাশে চায়ের দোকানে বসে উদাস চোখে মিরপুর স্টেডিয়ামের দিকে তাকিয়ে তিনি। কে যেন জিজ্ঞেস করলেন, খেলা কয়টায় শুরু? মুখে বিরক্তি ফুটিয়ে উত্তর দিলেন, ‘এইটাও জানো না! স্টেডিয়ামে আইছ ক্যান?’ এরপরই দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘বাংলাদেশ দেশের বাইরে খেলতে গেলে একটা ম্যাচও মিস করি না। আর দেশে খেলার সময়ই দেখতে পারি না।’কেন, কেন দেখতে পারেন না? আরেকটি দীর্ঘশ্বাস ফেলে রেজাউল ইসলাম জবাব দেন, ‘পেটের দায় রে ভাই! দেশে খেলা দেখলে পেট চলব ক্যামনে?’ পেট চলবে না বলে খেলা দেখতে পারেন না, আবার সেই পেট চালানোর জন্য স্টেডিয়ামেই আসতে হয় রেজাউল ইসলামকে। নিজের পরিচয় দিলেন ব্যবসায়ী বলে। কী ব্যবসা? শূন্য পানির বোতল সংগ্রহ করে তা বিক্রি করা। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় ভোররাত পর্যন্ত জেগে খেলা দেখেছেন। দেখেছেন জিম্বাবুয়ের খেলাগুলোও। ক্রিকেটের পাগল, সকালে টেলিভিশনে সিডনি টেস্ট দেখে এসেছেন। ‘অস্ট্রেলিয়া তো কাইল ১২৭ রানেই অলআউট। পাকিস্তান ২ উইকেটে ১৯০ দেইখা আইছি।’ আধঘণ্টা খানেক পর শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ভবিষ্যদ্বাণীও করে দিলেন, ‘আইজ বাংলাদেশ জিতব।’ শুধু সমর্থকের আবেগ নয়, ক্রিকেটীয় যুক্তিও দিলেন, ‘শ্রীলঙ্কার এই টিমটায় তো অনেকে নাই। মুরালি নাই, মেন্ডিস নাই, মালিঙ্গা নাই, জয়াসুরিয়া নাই—বাংলাদেশও তো আগের চাইতে অনেক ভালো খেলে।’বাংলাদেশ দলের কাকে বেশি ভালো লাগে? মাথার শীতটুপিটা ঠিক করতে করতে রেজাউল ইসলাম একটা হাসি দিলেন, ‘সাকিবকে। আমি ওর মুখটা কখনো কালো দেখি নাই। সব সময় মুখে হাসি। ওর হাসি দ্যাখলে মনডা ভইরা যায়।’