মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইশা ইসলাম
মাইশা ইসলাম

সাকিব আল হাসান তার সবচেয়ে প্রিয় ক্রিকেটার, প্রিয় তাসকিন আহমেদও। কিন্তু প্রিয় তারকাদের কাছাকাছি যাওয়া হয়নি কখনো। শেখ আবু নাসের স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে মাইশা ইসলাম বলছিল দুঃখের কথা, ‘অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা তো অনেক। ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলতেও ইচ্ছে করে। কখনো পারিনি। ওদের কাছাকাছি যাওয়াও অনেক কঠিন।’ খুলনার গভর্নমেন্ট করোনেশন হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ঠিকাদার বাবার বড় সন্তান মাইশা। শহরের গগন বাবু রোডের বাসা থেকে ফুপু, ছোট ভাই এবং আরও কয়েকজন আত্মীয়-স্বজনের সঙ্গে এসেছিল টেস্টের তৃতীয় দিনের খেলা দেখতে। যদিও মাইশাই বলছিল, ‘টেস্ট ক্রিকেট খুব ভালো বুঝি না। ওয়ানডে আর টি-টোয়েন্টি বুঝি।’ এর আগে বিপিএলের খেলা দেখেছে গ্যালারিতে বসে। আর টিভিতে তো নিয়মিতই দেখে। তবে সবার মতো মাঠে এসে খেলা দেখার মজাটা তার কাছেও আলাদা, ‘মাঠে এলে খেলোয়াড়দের কাছ থেকে দেখা যায়।’ মাঠে না এলেও অবশ্য সাকিব-তাসকিনরা চোখের আড়াল হন না মাইশার, ‘বাংলাদেশ দলকে সব সময়ই সমর্থন করি। ফেসবুক-ইনস্টাগ্রাম সবকিছুতে খেলোয়াড়দের খোঁজখবর রাখি। বাংলাদেশ দলের ফ্যান পেজও ফলো করি।’