মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কিছুদিনের মতো হাড় কাঁপানো শীতটা নেই। তারপরও পৌষের সন্ধ্যা বলে কথা। কিন্তু আনিসুর রহমান শিপনকে দেখে তা বোঝার উপায় নেই। দাঁড়িয়ে আছেন উদোম গায়ে। দাঁড়িয়ে আছেন বলা ভুল হলো। লাফাচ্ছেন। চারপাশ একাই মাতিয়ে রেখেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট তৃতীয় সেমিস্টারের ছাত্র। লাফাচ্ছেন, চিত্কার করছেন আর বিকট সুর তুলছেন বাঁশিতে। সেই বাঁশিও অদ্ভুত, আকারে ছোট্ট, কিন্তু আওয়াজ গগনবিদারী।এই শীতেও উদোম গায়ে? ‘আরে ভাই, বাংলাদেশ খেলতেছে, উত্তেজনায় লাফাতে লাফাতে তো গরম লাগতেছে। তা ছাড়া এই দেখেন না...’ আঙুল দিয়ে দেখালেন নিজের বুকের দিকে। সেখানে লেখা বাংলাদেশ আর আঁকা বাংলাদেশের পতাকা। বুকে যাঁর বাংলাদেশ, সে কেন তা ঢেকে রাখতে চাইবে!আনিসুর রহমানের বাড়ি কুমিল্লা শহরে। ধানমন্ডিতে বড় ভাইয়ের বাসায় থেকে পড়াশোনা করেন। ক্রিকেট-পাগল, টিভিতে কোনো খেলা মিস করেন না, তা সে যে দলেরই হোক। তবে মাঠে এসেছেন এই প্রথম। মাঠে খেলা দেখা আর টিভিতে খেলা দেখার পার্থক্যটা কী? ‘টিভিতে দেখলে বারবার রিপ্লে দেখা যায়, এটা একটা বড় সুবিধা। তবে মাঠে খেলা দেখার যে কী মজা, আজ বুঝলাম। বাসায় কি আর এত চিত্কার, আনন্দ করে খেলা দেখতে পারতাম!’ পাশে বসা বন্ধুর সঙ্গে তখনই পরিকল্পনা করলেন, ফাইনালে যারাই খেলুক, খেলা দেখতে আসবেন। এটা বলার পরই অবশ্য চুপসে গেলেন। ঘটনা কী? ‘টিকিটের যে দাম! এ জন্যই দেখেন না, গ্যালারি পুরো ভরে নাই...।’ তবে আনিসুরের দুঃখ কিছুটা হয়তো কমবে। ফাইনালে গ্যালারি টিকিটের দাম কমিয়েছে বিসিবি। ৩০০ টাকার টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। কথাটা শেষ না হতেই তুলে মারলেন ইমরুল কায়েস, দুহাত উঁচিয়ে লাফিয়ে উঠলেন শিপনও। কিন্তু বল জমে গেল বিরাট কোহলির হাতে। শিপনের হাত দুটো আস্তে আস্তে নেমে এল মাথায়। সেভাবেই দাঁড়িয়ে থাকলেন। বোঝা গেল, আলাপ আর জমবে না।