মাঠের মুখ
ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড যে ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড, সেটার একটা কারণ সম্ভবত গ্যালারির এই অংশটাতে রোদ না পড়া। কিন্তু ভিআইপি হওয়া সব সময়ই কি ভালো? কাল কাজী হোসেন আহমেদকে দেখে টুকরো নরম রোদের অভাব বড় বেশি বোধ হলো অভিজাত গ্যালারিতে। গায়ে শীতের চাদর, চায়ের কাপে ছোট ছোট চুমুক, সামনে ক্রিকেট ম্যাচ—শীতের বিকেলে শুধু রোদের আরামটারই তো অভাব থেকে যাচ্ছিল!চায়ের কাপের উত্তাপ নিতে নিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে আরেফিনের সঙ্গে কথা বলছিলেন। খেলা দেখতে মাঠে এসেছেন এই প্রথম। সেই অভিজ্ঞতাই জানাচ্ছিলেন ছেলেকে।অবসরপ্রাপ্ত প্রকৌশলী কাজী হোসেন আহমেদ চাকরি করতেন চন্দ্রঘোনা পেপার মিলে, থাকেন পল্লবীতে। কাল বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে মাঠে আসার আগ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে সব সম্পর্কই ছিল বাক্সবন্দী, খেলা দেখতেন টেলিভিশনে। বাংলাদেশের খেলা মিস করেন না জানিয়ে বললেন, ‘তামিমের খেলা খুব ভালো লাগে। আর ওই যে আফতাব, যাকে নিচ্ছে না... তার খেলাও ভালো লাগে। ’প্রথমবার মাঠে এসে আরও একটা ব্যাপার ভালো লেগে গেল কাজী হোসেন আহমেদ সাহেবের। মাঠের পরিবেশ, গ্যালারির উত্সবমুখরতা এই প্রৌঢ়ত্বেও সবুুজের ঝিলিক দিয়ে যায় মনে। সমস্যার কথা যাও একটা বললেন, সেটাও হেসে হেসে, ‘টেলিভিশনে খেলা দেখলে খেলাটা ভালো করে দেখা যায়। রিপ্লে দেখায় তো।’ ৯৫ রানে পঞ্চম উইকেট পড়ার পর খাঁটি ক্রিকেট বিশেষজ্ঞের মতো বলে দিলেন, ‘এবার একটা ম্যাচ জেতা দরকার ছিল। কিন্তু আজও তো মনে হয় জিতবে না।’বাংলাদেশ ‘জিতবে না’ জেনে গেছেন...তবু হাসেন কাজী হোসেন আহমেদ। খেলা দেখাটা যে মন ভালো রাখারও দাওয়াই তাঁর কাছে!