মাঠের মুখ
মোহাম্মদ ইমন হোসেন যা করলেন, রিকি মার্টিন কিংবা জন বনজোভিরাও হিংসা করতে পারেন! বিশাল এক ড্রাম নিয়ে গর্বিত ভঙ্গিতে ঢুকলেন গ্যালারিতে। একটু পেছনে পড়া বন্ধুকে নির্দেশ, ‘আয় ব্যাটা, ওপরে আয়।’ এমনিতেই গ্যালারিতে উচ্ছ্বাসের কমতি নেই। ইমন ঢুকে যেই না ড্রাম পেটাতে শুরু করলেন, নেচে উঠল যেন পুরো গ্যালারি। জোভি-মার্টিনরাও কি পারেন এমন মুহূর্তের মধ্যে ঝড় তুলতে!এই ‘রকস্টার’কে নিয়ে তখন গ্যালারিতে কাড়াকাড়ি, সবাই তাঁর আশপাশে থাকতে চায়। ‘ভক্ত’দের ভিড় ঠেলে ওপরের দিকে একটু ফাঁকামতো জায়গায় গিয়ে থিতু হয়ে বসে আবার মনোযোগ দিলেন নিজের কাজে। অনেক কষ্টে, কারও পা মাড়িয়ে, কারও বিরক্তিভরা চাহনি উপেক্ষা করে তাঁর পাশে একটু জায়গা মিলল। কী করছেন? ড্রামে দুটো বাড়ি দিয়ে বললেন, ‘দেখতেছেন না কী করি!’ বোঝা গেল, ফালতু নষ্ট করার মতো সময় তাঁর নেই। পড়াশোনা খুব একটা করেননি। কাজ করেন একটা পাঞ্জাবি তৈরির কারখানায়। দিনের প্রথম ভাগটা কাজ করার পর ছুটি নিয়ে চলে এসেছেন মাঠে। তবে শুক্রবার বন্ধের দিন অর্ধেক বেলা কাজ করে পুষিয়ে দিতে হবে। শ্রীলঙ্কা-ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচটাও মাঠে এসে দেখেছিলেন। খেলা দেখে পয়সা নষ্ট করেছেন বলে বাবা-মার সে কী রাগারাগি! আজ তাই না জানিয়েই এসেছেন। শ্রীলঙ্কা-ভারতই শুধু দেখলেন, বাংলাদেশের খেলা দেখতে ইচ্ছে করে না? ‘করে না আবার, বুকটা ফাইট্টা যায়। কিন্তু ছুটি পাই নাই, খুব খারাপ লাগছে।’আচমকাই গায়ের টি-শার্ট খুলতে শুরু করলেন। কিছু জিজ্ঞেস করার আগেই ব্যাগ থেকে বের করে গায়ে দিলেন সবুজ একটা শার্ট, মাথায় সবুজ স্কার্ফ। ইমন এখন যেন সত্যিই রকস্টার!