মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা দেখবেন কি, কোলের বাচ্চা সামলাতেই রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি। ড্রেসিং রুমের বাঁ পাশের গ্যালারিতে আকাশ কাঁপিয়ে কেঁদে চলেছে বাচ্চা। অনেকেই বিরক্ত হয়ে তাকাচ্ছেন। নানা কায়দায় বাচ্চাকে থামানোর চেষ্টা করছেন মা। কান্না আর থামে না। এবার আঙুল তুলে মাঠে দেখালেন, ‘ওই দেখ, দেখছ, শচীন ব্যাট করতেছে, দেখছ..।’ কিন্তু কোলের বাচ্চা কি আর শচীন টেন্ডুলকারকে সামনাসামনি দেখার মর্ম বোঝে! কান্না থামল শেষ পর্যন্ত মুখে বিস্কুট তুলে দেওয়ার পর।তাঁর কাছে গিয়ে বসতেই আরও দুই বাচ্চা এসে হাজির। এরা অবশ্য এতটা ‘মিনি’ সাইজ না, একজনের বয়স ১১, আরেকজনের ৫। আর কোলেরটার এক বছর তিন মাস। সামনে খাবারদাবার, বড় একটা ব্যাগ, বাচ্চাদের খাইয়ে দিচ্ছেন, শামিয়ানার বাঁশের সঙ্গে ঝুলিয়ে আবার শুকাতে দিয়েছেন বাচ্চাদের কাপড়-চোপড়, গ্যালারিতে রীতিমতো সংসার পেতে ফেলেছেন মঞ্জুশ্রী দাস। ওই বাচ্চাদের জন্যই মূলত মাঠে আসা। নিজের অবশ্য একটু শখ ছিল মাঠে আসার, তবে আসতে চাইছিলেন না কোলের বাচ্চার কথা চিন্তা করে। কিন্তু বড় দুই সন্তানের পীড়াপীড়িতে আসতে বাধ্য হয়েছেন। স্বামীও এসেছেন, তাঁদের বসিয়ে রেখে বাইরে গেছেন কোনো কাজে। শহরের পাথরঘাটায় তাঁদের বাসা, মূল বাড়ি অবশ্য সাতকানিয়ায়।ক্রিকেট খেলাটা বোঝেন? উত্তর যা দিলেন তাতে মোটামুটি লজ্জাই পেতে হলো, ‘বুঝমু না ক্যান, একটা বাচ্চা পোলাপাইনও এখন ক্রিকেট খেলা বোঝে, খেলোয়াড়গো চিনে। আমি তো বাসায় সারা দিনই টিভিতে খেলা দেখি। মাঠেও আইছিলাম, গত বছর শ্রীলঙ্কা দল খেলছিল এই মাঠেই।’ প্রিয় খেলোয়াড়? ‘সাকিব... খেলে তো ভালোই, আর হাসিটা যা সুন্দর না!’