মাঠের মুখ
হাত থুতনিতে, দৃষ্টি সামনে। নিষ্পলক তাকিয়ে মাঠের দিকে। ঠিক নিষ্পলক নয়, মাঝে মাঝে পলক পড়ছে। কিন্তু ওইটুকুই, আর কোনো নড়াচড়া নেই। এক-দুই রানেও গর্জে উঠছে গ্যালারি, মাঝে মাঝে চার হচ্ছে, ক্যাচ দিয়েও বেঁচে গেলেন মাহমুদউল্লাহ, পরের বলেই আউট...কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই এত কিছু হয়ে যাচ্ছে। কোনো কিছুতেই কোনো ভাবান্তর নেই। তিনি আসলে দেখছেনটা কী?ক্রিকেটই দেখছেন, তবে মনটা ঠিক মাঠে নেই। ছোট ছেলে তাহসিনের পীড়াপীড়িতে মাঠে এসেছেন, কিন্তু বড় ছেলে আকিবকে রেখে এসেছেন বাসায়। সঙ্গে আনতে চেয়েছিলেন, কিন্তু পরের দিনই ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা বলে ছেলে নিজেই আসেনি। ছেলে বাসায় একা, স্বামীও ফোন করে তাড়া দিচ্ছেন বাসায় ফিরতে, আবার আরেক ছেলে খেলা দেখতে চায়, সব মিলিয়ে জাহানারা মোর্শেদ ঠিক স্বস্তি পাচ্ছেন না।এমনিতে অবশ্য ক্রিকেট খেলাটা খুবই পছন্দ করেন। কতটা পছন্দ, শুনুন তাঁর নিজের মুখেই, ‘বিয়ের আগে খেলা থাকলে নাওয়া-খাওয়া ভুলে যেতাম, টিভির সামনে পড়ে থাকতাম। তবে সংসার, বাচ্চা-কাচ্চা মিলিয়ে এখন আর এতটা সময় পাই না। তারপরও পত্রিকা পড়ে খোঁজখবর রাখি।’ ১৯৯৬ বিশ্বকাপের সময় বাসায় সব ভাইবোন মিলে কত মজা করে খেলা দেখেছেন, সেই স্মৃতি মনে করে হেসে উঠল তাঁর চোখ-মুখ। পছন্দের আরও একটা উদাহরণ দিলেন, বড় ছেলের নাম রেখেছেন ক্রিকেটার আকিব জাভেদের নামে। ভালো বোলিং করতেন, সুদর্শন—সব মিলিয়ে একসময় দারুণ পছন্দ করতেন সাবেক পাকিস্তানি পেসারকে।এখন তাঁর পছন্দ মহেন্দ্র সিং ধোনি আর সাকিব আল হাসান। আর ভীষণ ক্ষোভ বীরেন্দর শেবাগের ওপর, ‘ওর মতো বড় মাপের একটা ক্রিকেটারের মুখে এমন অহংকারী কথা শুনে জঘন্য লেগেছে।’