মাঠের মুখ
‘সুজন...আরে সুজনরে চিনস না?...হ...হ, খালেদ মাহমুদ...আরে ও খেলব ক্যান, ও তো এখন অবসরে...নাঈমরে নিয়া সামনে দিয়া গেল, অটোগ্রাফটা অবশ্য নিতে পারলাম না, দাঁড়াইলই না...তবে হাত দিয়া ধরছি...কার্তিকরেও দ্যাখলাম...।’—দীর্ঘ বাতচিত শেষ করে মুঠোফোনটা পকেটে ভরে ঢুকে গেলেন ওয়াশরুমে। মুখে একটু পানি দিয়েছেন কি দেননি, হঠাত্ খেয়াল করলেন গ্যালারির সব দর্শক নিচের রেলিংয়ের দিকে ছুটছে। মুহূর্তেই যা বোঝার বুঝে নিলেন, পড়িমরি করে ছুটলেন তিনিও। লাভ অবশ্য বেশি হলো না, রকিবুলকে নিয়ে ততক্ষণে ইনডোরের উদ্দেশে মাঠ থেকে বেরিয়ে গেছেন জেমি সিডন্স।অটোগ্রাফ না পাওয়ার আফসোস আছে, তবে গ্রিলের ফাঁক দিয়ে সাবেক ক্রিকেটারকে হাত দিয়ে ছুঁয়েই খুশি সিরাজুল ইসলাম। এটুকুই তো আশা করেননি তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামে ডাকনাম—রিগ্যান, বাড়ি পাবনা, শহরেরই জজ কোর্টের পেছনে। পাবনা এডওয়ার্ড কলেজের অ্যাকাউন্টিং দ্বিতীয় বর্ষের ছাত্র ঢাকা এসেছেন একটা মহত্ কাজে, বন্ধুর অসুস্থ মায়ের জন্য রক্ত দিতে। ঢাকা আসার সময়ও খেলা দেখার কথা মাথায় ছিল না। বন্ধুর বাসা কাজিপাড়ায়, এত কাছে এসে খেলা না দেখে গেলে তো আর চলে না। হোক না তা ‘উত্তেজনাহীন’ টেস্ট ক্রিকেট। উপলক্ষ যখন ক্রিকেটের চেয়ে বেশি ‘ক্রিকেটার’ দেখা, তখন টেস্ট হলেই কী আর ওয়ানডে-টি-টোয়েন্টি হলেই কী!ক্রিকেটারদের দেখা মূল উদ্দেশ্য বলেই বাংলাদেশের ৫ উইকেট পড়ে যাওয়ার পরও বাসা থেকে বের হয়েছেন। মাঠে ঢুকে প্রথমে তাকিয়েছেনই স্কোরবোর্ডের দিকে। আর কোনো উইকেট পড়েনি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। প্রথমবার মাঠে আসা, যা দেখছেন, মুগ্ধ হচ্ছেন তাতেই। এত বড় মাঠ, বিশাল গ্যালারি, স্কোরবোর্ড, গ্যালারিতে বড় পর্দা—এমনই মুগ্ধ যে বাংলাদেশের করুণ পারফরম্যান্সও কোনো ছায়া ফেলতে পারছে না সেই মুগ্ধতায়!