মাঠের মুখ
প্রেসবক্সের ঠিক পাশের গ্যালারিতে যেন আগুন লেগেছে! বিকেএসপি থেকে আসা ছেলেমেয়েরা একসঙ্গে বসেছে ওখানে। সোয়েটারের রং লাল। একজনের সোয়েটার অবশ্য গায়ে নেই। দেশের চেয়ে তো আর প্রতিষ্ঠান বড় নয়, সোয়েটার তাই বেঁধে নিয়েছেন কোমরে, গায়ে জড়িয়েছেন দেশের পতাকা। মাথায়ও লাল-সবুজ ফেট্টি। ঝামেলাটা অন্য জায়গায়, এক গালে বাংলাদেশের পতাকা, আরেক গালে ভারতের। ঘটনা কী?এর সঙ্গে মারামারি, ওর সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। এর মধ্যেই খাবারের প্যাকেট নিয়ে ঢুকলেন দুই বন্ধু, ছুট লাগালেন সেদিকে। আগে তো পেটপূজা! না, এতটা স্বার্থপর সে নয়। বন্ধুদের সবাইকে খাবার দিয়ে তবেই নিজের খাওয়া। খাওয়া শেষে তাকে ধরা আবার কঠিন হয়ে পড়বে, ভদ্রতার কথা না ভেবে তাই তখনই কৌতূহল মেটানোর প্রয়াস নিতে হলো।‘দুই গালে দুই পতাকা, কারণ আমি শেবাগকে দেখাতে চাই স্পোর্টসম্যানশিপ বলে একটা কথা আছে। ওরা আমাদের অতিথি, ওদের তাই উত্সাহ দিচ্ছি। কিন্তু ও এত বড় ব্যাটসম্যান, আমাদের এভাবে অবহেলা করে কথা না বললেও পারত’—বিকেএসপির দশম শ্রেণীর ছাত্র ইয়াকুব আল ইমরানকে হঠাত্ই অনেক বড় মনে হলো। তার পরিণত মনের প্রমাণ পাওয়া গেল আরও, ‘দর্শকই নেই মাঠে, উত্সাহ না দিলে ক্রিকেটাররা ভালো করবে কীভাবে? যারাও আসে, বাংলাদেশকে বলে ভুয়া। ভারতে গেলে আপনি কখনোই শুনবেন না কেউ বলছে, ভারত ভুয়া।’বাবা আব্দুর রশিদ ছিলেন পূর্ব পাকিস্তান আমলের জাতীয় ভারোত্তোলক। বাবাসহ পরিবারের সবার উত্সাহে বিকেএসপিতে ভর্তি হয়েছেন ক্রিকেটে। পেস বোলিং অলরাউন্ডার, স্বপ্ন জাতীয় দলে খেলা। কার মতো হওয়ার ইচ্ছা, মাশরাফি না ইমরান খান? ‘আমি আমার মতো হতে চাই!’