মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা আছেন অনেকটা পিকনিক মেজাজে। তিনি মাঠে চোখ রাখছেন আর সঙ্গে আনা টিফিন বক্স থেকে খাবার বের করে খাচ্ছেন। খাচ্ছে সঙ্গের দুই পিচ্চিও, তবে তাঁর মতো শান্ত হয়ে বসে নয়, লাফালাফি, ছুটোছুটি করে। হঠাত্ তাদের খুব কাছে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে এলেন শচীন টেন্ডুলকার, দুই পিচ্চি শচীনের নাম ধরে চেঁচাতে শুরু করল। এত কাছ থেকে টেন্ডুলকারকে দেখে তাঁর চোখেমুখেও মুগ্ধতার আভা।‘আমরা পুরো পরিবারই শচীনের ভক্ত’—লায়লা হকের চোখে তখনো মুগ্ধতার রেশ। দূর থেকে যতটা গম্ভীর মনে হচ্ছিল, আসলে তিনি ততটাই হাসিখুশি আর প্রাণবন্ত। কাছে গিয়ে বসতেই খুলে দিলেন গল্পের ঝাঁপি। ক্রিকেট খুব পছন্দ করেন, টিভিতে তো নিয়মিত চোখ রাখেনই, মাঝেমধ্যে মাঠেও আসেন। বাংলাদেশের অভিষেক টেস্টটা তাঁরও অভিষেক, সেই প্রথম মাঠে গিয়ে খেলা দেখেছিলেন। বয়স অনেক হয়ে গেছে, এখন তাই আর মাঠে আসা হয় না। টেস্টে ভিড় কম থাকে জেনেই এসেছেন।এই বয়সে মাঠে আসার উত্সাহ কোথায় পান? ‘বাবা, আমি ক্যান্সারের রোগী, চারবার কেমোথেরাপি নিতে হয়েছে। ডাক্তার যদিও বলেছে, বিপদের আশঙ্কা খুব বেশি নেই, তার পরও কত দিন বাঁচি ঠিক নেই। প্রতিটি মুহূর্ত তাই উপভোগ করতে চাই’—জীবনের সবচেয়ে কঠিন সত্যটি হাসিমুখে এমনভাবে বলছিলেন, যেন কিছুই হয়নি। জানালেন, রোগের কথা কখনো ভাবেনই না। তবে একা থাকলেই নানা রকম দুশ্চিন্তা মাথায় ঢোকে, সব সময় তাই সবাইকে নিয়ে আনন্দে থাকতে চান। পাঁচ মিনিটের ছোট-বড় দুই যমজ নাতি তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু। ওদের পাকামো, দুষ্টুমি দেখতে দেখতে সময়টা খারাপ কাটে না। রোগের কথা শোনার পর অবাক লাগছিল, ফিরে আসার সময় একটুও নয়। এত যার প্রাণশক্তি, ক্যান্সার তাঁর কাছে পাত্তা পাবে কেন!