মাঠের মুখ
পত্রিকার পাতায় কিংবা টিভিপর্দায় এমন দৃশ্য অসংখ্যবার দেখেছেন। নদীভাঙনের শিকার কোনো মানুষ সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে বসে আছে নদীর পাড়ে। মো. কাওসার রহমানকে দেখে মনে হচ্ছিল এমন কিছুই। গ্যালারির সবচেয়ে নিচের ধাপে বসে গালে হাত দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন মাঠের দিকে। মাঠে তখন ‘করমর্দন’ পর্ব চলছে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আক্ষেপ, হতাশা, কেউ কেউ আবার গালাগাল করতে করতে গ্যালারি ছাড়ছে, কোনো কিছুই স্পর্শ করছে না তাঁকে। ঘটনার আকস্মিকতায় যেন হয়ে গেছেন বিমূঢ়।‘মন খারাপ?’ প্রশ্ন শুনে এমনভাবে তাকালেন যেন অর্বাচীনের মতো কোনো কিছু জিজ্ঞেস করা হয়েছে। বোঝাই যাচ্ছিল, কথা বলার মুডে নেই। একটু অপেক্ষা করার পর অবশ্য নিজে থেকেই মুখ খুললেন, ‘ভাই মন খারাপ হবে না, এত ভালো একটা শুরু হলো, রাজীব (শাহাদাত) পর্যন্ত কী ব্যাটিংটাই না করল, কিন্তু তারপর এটা কী হলো! কোনোভাবেই মেনে নিতে পারছি না।’তরুণ প্রজন্মের একটা বড় অংশ যখন মাঠ থেকে মুখ ফিরিয়ে ইন্টারনেট, ফেসবুকে বুঁদ হয়ে আছে, কাওসার তখন উজ্জ্বল ব্যতিক্রম। বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রথম বর্ষের ছাত্র মাঠে আসাটাকেই নিয়ম বানিয়ে ফেলেছেন। ত্রিদেশীয় সিরিজের খেলা দেখেছেন, ঢাকা টেস্টের প্রতিদিন মাঠে এসে খেলা দেখেছেন। মাঠে খেলা দেখার নিজস্ব একটা পদ্ধতি তাঁর। অন্যরা যেমন সবাই মিলে হইহুল্লোড় করতে করতে খেলা দেখে, তিনি ঠিক উল্টো, খেলা দেখেন একা, গভীর মনোযোগ দিয়ে।তবে নিয়মিত মাঠে এসেও লাভ তো আর কিছু হলো না, সঙ্গী সেই আক্ষেপ, ‘ভাবছিলাম বাংলাদেশ পাঁচশ-টাচশ করে ফেলবে। কীসের কী, ওরা বুঝল না, সারা দেশের মানুষ ওদের দিকে তাকিয়ে ছিল...ধুর..!’