মাঠের মুখ
মাঠে জিম্বাবুয়েকে চেপে ধরেছে টাইগাররা, গ্যালারিতে একটা ‘টাইগার’ নিয়ে বসে আছেন তিনি। বেশ বড়সড় একটা প্লাস্টিকের বাঘ। উইকেট পড়লেই সেটি নিয়ে লাফিয়ে উঠছেন, ফুঁ দিচ্ছেন বাঁশিতে। মনে হচ্ছে যেন তিনি মাঠের সেরা দর্শক। কথা বলে জানা গেল, ২৮ বছর বয়সী রিয়াজুল কবির (সোহেল) আসলেই ‘দর্শক নাম্বার ওয়ান।’কদিন আগে বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ড ও মালয়েশিয়া। খেলা দেখার জন্য কাল সকালেই দেশে ফিরে চলে এসেছেন মাঠে। টিকিট? সেটা কোনো সমস্যা নয়। বাংলাদেশের প্রতিটি খেলায় গ্র্যান্ড স্ট্যান্ডের একটা টিকিট তাঁর জন্য বরাদ্দ। ক্রিকেটের প্রতি তাঁর অনুরাগে মুগ্ধ হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা তাঁর জন্য টিকিট রেখে দেন। কেমন সেই অনুরাগ? ১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপে প্রথম স্টেডিয়ামে এসে খেলা দেখা। এরপর ঢাকায় যত টেস্ট-ওয়ানডে হয়েছে, বাদ দেননি একটিও!অথচ ঢাকায় তাঁর কোনো থাকার জায়গা নেই। বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে, ঢাকায় হোটেলই ঠিকানা। শুরুর দিনগুলো ছিল খুব কঠিন। তখন টাকা-পয়সার টানাটানি, প্রায়ই কালোবাজারিদের কাছ থেকে বেশি দামে টিকিট কিনতে হতো। অনেক দিন এমনও হয়েছে, টিকিট কেনার পর আর খাওয়ার টাকা নেই। এখন ব্যবসায় ভালো পসার হয়েছে। টাকার সমস্যা আর নেই, খেলা দেখেন দেশের বাইরে গিয়েও। মা-বাবা নেই, এক বোন থাকেন প্যারিসে, ভাই ব্যবসা করেন। পিছুটান খুব বেশি নেই। ব্যবসা আর ক্রিকেট (ক্রিকেটটাই কি আগে হবে?) নিয়েই কাটিয়ে দিতে চান সারাটা জীবন।