মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারির হাজারো দর্শকের মাঝেও আলাদা করে চোখে পড়ছে তাঁকে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে, হাতে একটি প্ল্যাকার্ড। তাতে লেখা ‘সে নো টু স্পট ফিক্সিং।’ অনেক চেষ্টা করলেন ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণের। কিন্তু ক্যামেরাম্যান বোধ হয় ওই লেখার গুরুত্ব বুঝলেন না। হতাশ মনে বেচারা প্ল্যাকার্ড নামিয়ে বসে পড়লেন। মাঠের উত্তেজনা, দর্শকের উন্মাদনা—কোনো কিছুই স্পর্শ করছে না তাঁকে। যেন স্পট ফিক্সিং বিষয়টা নিয়ে খুবই চিন্তিত তিনি। চিকিৎসক ওয়াতিন আলম (রিদম) আসলেই চিন্তিত। স্পট ফিক্সিং ব্যাপারটা এমন যে লোভ সামলানো মুশকিল, এর করাল থাবা না আবার বাংলাদেশের ক্রিকেটেও হানা দেয়! এই ভয়েই তাঁর এই আহ্বান। ক্রিকেট খেলতে আর খেলা দেখতে ভীষণ ভালোবাসেন। আইসিসি নকআউট বিশ্বকাপ থেকেই মাঠে এসে খেলা দেখার শুরু, এখনো নিয়মিত মাঠে উপস্থিতি। দন্ত্যচিকিৎসকের ব্যস্ত জীবনের চাপ সামলে বাংলাদেশের প্রতিটি সিরিজে অন্তত একটা হলেও ম্যাচ দেখার সময় বের করে ফেলেন। সব ম্যাচ দেখতে পারেন না বলে একটু মন খারাপও হয়। কোনো কাজে মিরপুর এলে স্টেডিয়ামের আশপাশে একটা চক্কর দিয়ে যান, মাঝেমধ্যে ঘুরতেও এদিকটায় চলে আসেন। ক্রিকেট দলের জন্য দন্ত্যচিকিৎসকের প্রয়োজন খুব একটা নেই জেনেও ক্রিকেট বোর্ডে একটা জীবনবৃত্তান্ত জমা দিয়ে রেখেছেন। বোর্ড চাইলে তিনি যেকোনো কাজ করতে রাজি। ক্রিকেটের সঙ্গে থাকতে পারার মতো তৃপ্তি যে আর কিছুতে নেই!