মাঠের মুখ
উইকেটে তখন থিতু হতে লড়ছেন সাকিব-মুশফিক আর গ্যালারিতে তিনি। কোনো জায়গায় বসে স্বস্তি পাচ্ছিলেন না, স্বামী-সন্তানকে নিয়ে জায়গা বদল করলেন চারবার। অবশেষে ভিআইপি গ্যালারির দোতলায় থিতু হতে পারলেন। পরনে লাল-সবুজ সালোয়ার-কামিজ। তাঁদের ছোট্ট পরিবারটাই আসলে ‘বাংলাদেশ পরিবার’। স্বামী-সন্তানের পরনেও জাতীয় পতাকার রঙের ফতুয়া। কথা বলে জানা গেল শুধু পোশাকে নয়, রীনা সুলতানার হূদয়েও আছে বাংলাদেশ।দেশের টানেই এত ঠান্ডা আর বৃষ্টির শঙ্কাকে উপেক্ষা করে আড়াই বছরের মেয়ে মুসকানকে নিয়ে চলে এসেছেন খেলা দেখতে। ক্রিকেটের প্রতি এই অনুরাগের পেছনে সবচেয়ে বড় ভূমিকা স্বামীর। পেশা ব্যবসা আর নেশা ক্রিকেট। বাসার টিভিতে সব সময়ই ক্রিকেট চলে। একসময় প্রচণ্ড বিরক্তি লাগত রীনার। পরে এটাই নিয়তি বুঝতে পেরে যোগ দিলেন স্বামীর সঙ্গে। আস্তে আস্তে খেলাটার প্রেমে পড়ে গেলেন, এখন তো ক্রিকেট বলতে পাগল। তাঁর ভাষায়, ‘ক্রিকেট-পাগলের সঙ্গে সংসার করে পাগল না হয়ে পারা যায়!’ দুজন মিলে রাত জেগে খেলা দেখেন, বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সব খেলাই দেখেছেন ভোর পর্যন্ত। যে পোশাক গ্যালারিতে তাঁদের আলাদা করে রাখল, সেটা নিয়ে ঝামেলা কম হয়নি। আগের দিনই পোশাকগুলো কিনেছেন। কিন্তু ভুল করে ফেলে আসেন দোকানেই। রাতে বাসায় ফিরে ভেবেছিলেন খেলা তো ডে-নাইট, সকালে গিয়ে আবার নিয়ে আসবেন। গভীর রাতে জানতে পারলেন, ম্যাচ হবে দিনে। তখনই ফোন করে পোশাক আনানোর ব্যবস্থা করলেন। সকালে সেটি পরেই মাঠে। লাল-সবুজের জয়ে সার্থক সব আয়োজন।