মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা দেখার আনন্দ তিনি ঠিক উপভোগ করতে পারছেন না। তবে অন্যদের খেলা দেখাকে আনন্দময় করে তোলার পাশাপাশি নিজে পাচ্ছেন সৃষ্টির আনন্দ, এটাও কি কম! কারও মুখে বাংলাদেশের মানচিত্র এঁকে দিচ্ছেন, কারও মুখে বা লাল-সবুজ পতাকা। কারও কপালে-গালে ইংরেজি-বাংলায় লিখে দিচ্ছেন তামিম-সাকিব। বিনা পয়সায় নয়। তবে সংক্ষিপ্ততম সময়ে নিপুণ হাতের এই শিল্পকর্মের জন্য রুমানা জাহান (লিজা) যে সম্মানী নিচ্ছেন, সেটাকে বলতে হবে সামান্যই।সম্মানীটাকে বলতে পারেন ভবিষ্যতের প্রস্তুতি। কিছুদিন পর ছবি আঁকাই যে হবে তাঁর পেশা! চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্রী তিনি। খুব ভালো লাগে ছবি আঁকতে, ভালো লাগে ক্রিকেটও। ‘জটিল’ খেলাটা বোঝেন বেশ ভালোই। টিভিতে খেলা দেখেন, খোঁজখবরও রাখেন। ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল তাঁর কাছে সবচেয়ে স্মরণীয় ম্যাচ, ক্রিকেটে সবচেয়ে কষ্টের স্মৃতিও। ওই দিন যে সমর্থন করছিলেন দক্ষিণ আফ্রিকাকেই! অ্যালান ডোনাল্ডের সেই পাগুলে দৌড় এখনো তাঁর চোখে ভাসে। নিয়মিত মাঠে আসা অবশ্য হয়ে উঠে না, এমএ আজিজ স্টেডিয়ামে একটা টেস্ট ম্যাচ দেখেছিলেন, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এলেন কালই প্রথম। বাংলাদেশ দলে সবচেয়ে বেশি ভালো লাগে মুশফিকুর রহিম ও আবদুর রাজ্জাককে। কারণ? ‘রাজ্জাক অনেক উইকেট পায় আর মুশফিকুরের কিপিং ভালো লাগে। মনে হয় বাঘের মতো থাবা দিয়ে বল ধরে ফেলে। সাকিবকেও ভালো লাগে, ও দেখতে যা কিউট!’