মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজনীন সুলতানা
নাজনীন সুলতানা

লাঞ্চের পর আরও ঘণ্টা খানেক পার। দিনের দ্বিতীয় ওভারে সেই যে সাকিবের বলে মিসবাহ আউট, তারপর আর উইকেট পড়ার লক্ষণ নেই। দর্শকদের অনেকেরই খেলার চেয়ে অন্যদিকে মনোযোগ বেশি। কেউ সেলফি তুলছেন, কেউ খাচ্ছেন। নিজেদের মধ্যে গল্প করছিলেন তরুণ-তরুণী জুটি। তরুণীর নাম নাজনীন সুলতানা, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়াশোনা শেষ করে এখন কাজ করছেন ঢাকা জর্জ কোর্টে।
খেলা নিয়ে যতটা অনাগ্রহী মনে হয়েছিল, কথা বলে বোঝা গেল উল্টোটা। শুধু বন্ধুর সঙ্গে গল্প করতে আসেননি, দিনের প্রথম বল থেকেই দেখছেন। পাকিস্তানের রান অনেক বেশি হয়ে যাচ্ছে—নাজনীনের এমন শঙ্কার বিপরীতে বন্ধুর মুখে আশার বাণী, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরাও তো ফর্মে আছেন। খুলনায় দেখোনি কীভাবে ঘুরে দাঁড়াল?’
হাসি দিয়ে মাথা নাড়েন নাজনীন। পেশাগত ব্যস্ততায় মাঠে এসে খেলা দেখার সুযোগ হয় খুব কম। তবে এই সিরিজেরই একটা ওয়ানডে দেখেছেন। টেলিভিশন-পত্রিকায় খোঁজ রাখেন নিয়মিতই। সেই অভিজ্ঞতা থেকেই এই টেস্টের ফলটাও আগাম বলে দিলেন নাজনীন, ‘ড্র হবে। আমার মনে হয় না বাংলাদেশের ব্যাটসম্যানদের দুবার অলআউট করতে পারবে পাকিস্তান।’