মাঠের মুখ
ব্যাগ হাতে গ্যালারিতে ঢুকলেন হন্তদন্ত হয়ে। মাথায় বাংলাদেশের পতাকার ব্যান্ডেনা, গলায় ঝোলানো বিশাল পতাকা। ক্লাব হাউসের এ-মাথা থেকে ও-মাথা চষে বেড়ালেন, কিন্তু জায়গা পছন্দ হচ্ছিল না। চার-পাঁচবার জায়গা বদলে অবশেষে পেলেন একটা মনমতো জায়গা, ‘ওহ্, দারুণ দেখা যায় এখান থেকে!’শুধু মাথায় বা গলায় নয়, বাংলাদেশের পতাকা গাঁথা আছে আল আমিন শাহীনের হূদয়েও। ওই পতাকার টানেই ছুটে এসেছেন মাঠে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। গত বিশ্বকাপের সময় চলছিল সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তার পরও খেলা দেখেছেন মাঠে এসে। তিনি নিজেও নাকি খুব একটা খারাপ খেলতেন না। সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র স্কুলের হয়ে আন্তস্কুল ক্রিকেটে নাকি ফাটিয়ে দিয়েছিলেন। নিজে ওপেনার ছিলেন বলেই হয়তো প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। পড়াশোনার চাপে এখন আর তেমন খেলা হয় না, ক্লাস শেষ হতেই ছয়টা বেজে যায়। বাসার সবার চাপও আছে, ‘খেলাটেলা বাদ, খুব ভালো ইঞ্জিনিয়ার হতে হবে।’ তার পরও বিশ্ববিদ্যালয়ের পাশে ছোট একটা জায়গা আছে, বৃহস্পতি-শুক্রবার নিয়মিত খেলেন সেখানেই। স্টেডিয়ামের লাউড স্পিকারে তখন বেজে উঠেছে, ‘লাল-সবুজে...’, তিনিও নেচে উঠলেন। এখন আর বিরক্ত না করাই ভালো।