মাঠের মুখ
প্যান্টের বেল্টের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন ক্যাপ। মাথায় লাল-সবুজ ঝাঁকড়া পরচুলা। চোখে রোদচশমা। গ্যালারির অনেক আসন তখনো ফাঁকা, কিন্তু তিনি ঠায় দাঁড়িয়ে সিঁড়ির মাথায়। সাকিব এক ওভারে ৩টি বাউন্ডারি মারলেন, পুরো গ্যালারি কেঁপে উঠল। তিনি খুব বেশি আনন্দ পেলেন বলে মনে হলো না। একটু পর সাকিব আউট, অনেকের মাথায় হাত। তিনি খুব বেশি কষ্ট পেলেন বলেও মনে হলো না। মাঠে থেকেও কি মন অন্য কোথাও?‘খুব হতাশ...মাঠে ঢুকেই দেখি একজন ড্রেসিংরুমে ফিরছে। দেখতে দেখতে আরও দুজন নাই’—বোঝা গেল ভদ্রলোক অধিক শোকে পাথর। বিশ্বকাপের ‘৫৮’ ম্যাচেও তিনি মাঠে ছিলেন। ‘তেমন কিছু হয় কি না’ বলে শুকনো মুখে হাসলেন। শহীদুজ্জামান বাদল চাকরি করেন কাজী ফার্মস কোম্পানিতে। বয়স ৪২। কাল তাঁর অফিস ছিল দেড়টা থেকে, ফোনে জানিয়ে দিয়েছেন মাঠে চলে এসেছেন, ‘বস জানে আমি প্রচণ্ড খেলাপাগল।’ বিশ্বকাপে প্রথম ম্যাচটি ছাড়া সব ম্যাচ দেখেছেন মাঠে এসে। এক ম্যাচে তো পরিবারের ২৪ জন মিলে দেখেছেন খেলা।কথা বলে জানা গেল আরও চমকপ্রদ তথ্য। এই মাঠে নাকি খেলেছেন তিনি নিজেও! ক্রিকেট নয়, ফুটবল। সাধারণ বীমা, ফকিরাপুলে খেলেছেন। বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন নাকি একসময় ছিলেন তাঁর কোচ। স্ট্রাইকার ছিলেন, গর্বভরে বললেন, ‘আমার পায়ে বল গেলেই গোল হতো!’ পায়ের সমস্যার কারণে বেশি দূর এগোতে পারেননি। তবে ফুটবলের প্রতি ভালোবাসা আছে এখনো। ক্রিকেট দেখেন মাঠে এসে, আর শনি-রোববার রাত জেগে দেখেন ইউরোপিয়ান লিগের খেলা।