মাঠের মুখ
মাথায় সূর্যের হাসি লাগিয়ে তিনি বসে আছেন মুখ ভার করে। টপাটপ উইকেট পড়ছে ওয়েস্ট ইন্ডিজের, গ্যালারির দর্শকেরা বসার সময়টুকুও পাচ্ছে না। আর তিনি? উইকেট পড়লে নিস্পৃহভাবে তালি দিয়ে আবার বসে পড়ছেন। বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স, গ্যালারির উচ্ছ্বাস কিছুই ছুঁয়ে যাচ্ছে না তাঁকে।মোহাম্মদ মাইনউদ্দিন কারণটা যা বললেন, সেটাও বেশ অদ্ভুত, ‘কাজ থেকে ছুটি নিয়ে খেলা দেখতে এসেছি। কিন্তু খেলা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে!’ কিন্তু বাংলাদেশ তো বিশ্বকাপের ৫৮-র প্রতিশোধ নিচ্ছে—এটা শুনে স্রেফ বললেন, ‘হুম...।’ ভঙ্গিটাই বলে দিচ্ছিল, প্রতিশোধের চেয়ে দীর্ঘ সময় মাঠে থাকতেই তাঁর ভালো লাগত। পেশায় তিনি ডিজাইনার। পোশাকের নয়, আসবাবপত্রের। বিভিন্ন আসবাবের ছবি আঁকেন, কাজ করেন চট্টগ্রামেরই একটি কোম্পানিতে। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।ক্রিকেটের চেয়ে অবশ্য ফুটবলটাই তাঁর বেশি প্রিয়, আর্জেন্টিনার পাঁড় ভক্ত। তাঁর কালকের সাজের সঙ্গেও যোগসূত্র আছে আর্জেন্টিনা-প্রীতির। মাথার ওই ‘সূর্যের হাসি’ আসলে ছিল আর্জেন্টিনার পতাকায়। সেটাই কেটে লাল-সবুজে রাঙিয়ে বাংলাদেশের প্রতীক বানিয়ে চলে এসেছেন মাঠে। আর্জেন্টিনার পতাকার সূর্যের হাসিও থাকল, লাল-সবুজ রঙে থাকল বাংলাদেশ। এবার একটু হাসতে দেখা গেল তাঁকে, ‘এইটার মধ্যে আমার প্রিয় দুই দলই আছে!’