মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই মাঠে নেমেছেন দুই টাইগার (তামিম ও ইমরুল), আরেক টাইগার তখন গ্যালারিতে। হলুদ-কালো ডোরাকাটায় রাঙিয়েছেন নিজেকে। চেয়ারের ওপর দুই পা তুলে শরীর টান টান করে আছেন, যেন বাঘের মতোই যেকোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বেন শিকারের ওপর!গ্যালারির এই বাঘের নাম রায়হানুল আলম চৌধুরী, চট্টগ্রাম কলেজে অর্থনীতিতে পড়ছেন প্রথম বর্ষে। বাড়ি বাঁশখালীতে, চট্টগ্রামে থাকেন একটা মেসে। দেশকে যেমন ভালোবাসেন, তেমনি দেশের ক্রিকেটকেও। তাই বাঘের হলুদ-কালো রং মুখের শুধু একপাশে, আরেক পাশে বাংলাদেশের লাল-সবুজ। অনেক সময় লেগেছে নিজেকে এভাবে সাজাতে, তার চেয়েও বেশি সময় লাগবে রং তুলতে। তাতে মোটেও সমস্যা নেই তাঁর, ‘মাঠে এসে এটুকু মজা না করলে কি আর হয়!’কিছুদিন আগে তাঁর চাচা মারা যাওয়ায় ম্যাচের আগের রাতে বাঁশখালীতে তাঁদের বাড়িতে ছিল মেজবান। অনেক রাত পর্যন্ত বাড়িতেই ছিলেন, বাবা বারবার বলেছিলেন রাতটা থেকে যেতে। কিন্তু ম্যাচের একটা বলও মিস করতে চান না বলে শহরে চলে এসেছেন রাত ১২টায়। চট্টগ্রামের ওয়ানডে ম্যাচটাও দেখেছেন, তবে সেদিন লম্বা লাইনে দাঁড়িয়ে রীতিমতো যুদ্ধ করে টিকিট পেতে হয়েছিল। কাল তাই সকাল সাতটায়ই চলে এসেছেন মাঠে। এত আগে? রায়হানুলের মুখে হাসি, ‘মজা করতে করতে কখন সময় কেটে গেছে, টেরই পাইনি।’