মাঠের মুখ
এক গালে বাংলাদেশের পতাকা, আরেক গালে বাঘের প্রতিকৃতি। গলায় ঝোলানো একটা বাইনোকুলার। গ্যালারিতে ঢুকে সরাসরি এগিয়ে গেল শেষ ধাপের আসনের দিকে। পিচ্চি মেয়েটা কি একাই চলে এসেছে নাকি? নাহ...হাত ইশারায় ডাকল সঙ্গীকে। কিন্তু একি, সঙ্গী তো আরও খুদে!দুই খুদে দর্শকের বড় সঙ্গীকে দেখা গেল একটু পরে। রোদে টিকতে না পেরে খানিক পরই তিনজন আশ্রয় নিল বাউন্ডারির গ্রিল ঘেঁষে দাঁড়ানো আইসক্রিম-বিক্রেতার ছাতার তলে। মেয়েটা তো মহাখুশি—ছায়া পাওয়া গেল, গ্রিলের পাশে দাঁড়িয়ে খুব কাছ থেকে দেখা যাচ্ছে খেলা, সঙ্গে চলল আইসক্রিম খাওয়া! তাসমিম মাহবুব শ্রেয়া পড়ে স্ট্যান্ডার্ড থ্রিতে। বয়স ঠিক ৯, আজই যে ওর জন্মদিন! খেলা-টেলা খুব একটা বোঝে না, আইসক্রিম খাওয়ার দিকেই মন বেশি।! ‘তাহলে এত কষ্ট করে মাঠে এসেছ কেন’, জিজ্ঞেস করতেই মিষ্টি এক হাসিতে উত্তর, ‘সাকিব আল হাসানকে দেখতে।’ সাকিবকে দেখতে আসার কথা ছিল গত শনিবার, কিন্তু টানা দুদিন খেলা হলো না। জন্মদিনের আগের দিন স্কুলে না গিয়ে বাবা আর ছয় বছর বয়সী ছোট ভাইয়ের সঙ্গে ছুটে এসেছে মাঠে। বাংলাদেশ দল তখন ফিল্ডিংয়ে নামছে, শ্রেয়া ব্যস্ত হয়ে উঠল, ‘সাকিব কোথায়? বাবা সাকিব কোথায়?’ দেখিয়ে দিতেই বলল, ‘আম্পায়ারের মতো ক্যাপ (হ্যাট) পরা ওইটা?’—শ্রেয়ার চোখে-মুখে বিস্ময়, থেমে গেছে আইসক্রিম খাওয়াও।