মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে ওয়েস্ট ইন্ডিজের মেরুন জার্সি, মাথায় ওয়েস্ট ইন্ডিজের হ্যাট। সামনের সিটে মেলে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের একটি বিশাল পতাকা। বসেছেন ওয়েস্ট ইন্ডিজ ড্রেসিংরুমের ঠিক ওপরে। পুরো গ্যালারিতে একমাত্র তিনিই শুধু গলা ফাটিয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। রব বেটসনের নাড়ি পোঁতা যে ওয়েস্ট ইন্ডিজেই!তাঁর জন্ম ও বেড়ে ওঠা গায়ানায়। পরে বিয়ে করে থিতু হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আপাতত স্ত্রীসহ তিনি বাংলাদেশের বাসিন্দা, কাজ করছেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনে। স্ত্রী কাজ করছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনে। মাঠে গিয়ে ক্রিকেট দেখার অভ্যাস বেটসনের ছোটবেলা থেকেই, অভ্যাস ধরে রেখেছেন বাংলাদেশে এসেও। প্রতিটি সিরিজেই কোনো না কোনো ম্যাচে মাঠে আসেন। এমনিতে বাংলাদেশের জার্সি গায়েই মাঠে আসেন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ থাকলে তো সেটা করা যায় না! বিশ্বকাপের ৫৮-ম্যাচেও উইন্ডিজ জার্সি পরে এসেছিলেন, ফেরার সময় সেটা খুলে আরেকটা টি-শার্ট পরে গেছেন, পাছে না আবার দর্শকের রোষানলে পড়তে হয়!এ দেশে আছেন বছর দুয়েক। ঢাকার অসহ্য যানজট ছাড়া মোটামুটি সবই ভালো লাগে। চট্টগ্রাম, সিলেট, বান্দরবান—পর্যটন এলাকাগুলো ঘুরে বেড়ান সময় পেলেই। সবচেয়ে ভালো লেগেছে সুন্দরবন। রয়েল বেঙ্গল টাইগার অবশ্য দেখা হয়নি তবে থাবা দেখেছেন, দাবি করলেন বাঘের গর্জনও শুনেছেন। ইচ্ছে আছে, সামনাসামনি বাঘ দেখতে আরেকবার সুন্দরবন যাওয়ার!