মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে কলেজ ইউনিফর্ম, হাতে বিশাল এক ঘড়ি। যেটিকে দেয়ালঘড়ি বললে খুব একটা আপত্তি উঠবে না। আয়েশ করে কামড় বসাচ্ছেন হাতের আইসক্রিমে আর চুটিয়ে গল্প করছেন পাশের জনের সঙ্গে। খেলার দিকেও অবশ্য মন আছে, সাকিব ৫ উইকেট পাওয়ার পর লাফিয়ে উঠে হাতের আইসক্রিমটাই প্রায় ফেলে দিচ্ছিলেন।একটু পর মাঠে নামলেন বাংলাদেশের দুই ওপেনার। এক ওভারে তিন চার মারলেন তামিম। তালি দিতে দিতে তাঁর কণ্ঠে শঙ্কা, ‘এত মারে কেন, আউট হয়ে যাবে তো!’ একটু পরে সেটাই সত্যি হলো, তাঁর কণ্ঠে হতাশা, ‘ধ্যাৎ, আগেই বলছিলাম একটু দেখে খেল বাবা!’তামিমই যা একটু ঝামেলা পাকালেন, না হলে সময়টা দারুণ কাটছিল বিপাশা খন্দকারের। বিএএফ শাহীন কলেজে পড়ছেন প্রথম বর্ষে। ক্লাস ছিল না তাই বন্ধু আকাশকে নিয়ে চলে এসেছেন মাঠে। প্রথমবার মাঠে এসেছেন, যা দেখছেন তা-ই ভালো লাগছে। কালকের আগে কখনো মাঠে আসার সুযোগ না হলেও রীতিমতো খেলাপাগল, ক্রিকেট দুনিয়ার সব খোঁজখবর রাখেন, রাত জেগে দেখেন ইউরোপিয়ান লিগের খেলা। লিওনেল মেসি তাঁর ভীষণ প্রিয়, তাই প্রিয় বার্সেলোনা ও আর্জেন্টিনাও। ফুটবলের চেয়েও অনেক বেশি পছন্দ অবশ্য ক্রিকেট। আর প্রিয় ক্রিকেটার? ‘সাকিব আল হাসান, দেখতে কিউট, হাসিটা সুইট আর খেলে তো অসাধারণ!’