মাঠের মুখ
মাঠের ক্রিকেটে উত্তাপ নেই, উত্তেজনা নেই গ্যালারিতেও। থুতনিতে হাত দিয়ে তিনি মনমরা হয়ে তাকিয়ে আছেন মাঠের দিকে। মাথায় চোঙাকৃতির হ্যাট। হাতের প্ল্যাকার্ডটা তুলে না ধরে নামিয়ে রেখেছেন নিচে। হঠাৎই গ্যালারি একটু যেন জেগে উঠল, কারণ মাঠের এই অংশটায় সীমানার কাছে ফিল্ডিং করতে এসেছেন তামিম ইকবাল। হাতের প্ল্যাকার্ড গুটিয়ে ‘হ্যান্ডমাইক’ বানিয়ে তিনি ডাকা শুরু করলেন, ‘তামিম..., তামিম ভাই...’, যেন তামিম তাঁর কত দিনেরই না পরিচিত!সেদিকে তাকিয়ে একটু হাত নাড়ার মতো ভঙ্গি করলেন তামিম, পুরো গ্যালারিতে যেন প্রাণ ফিরে এল। নেচে উঠলেন তিনিও, প্ল্যাকার্ডের লেখাটা বোঝা গেল এবার। সেটার বিষয়বস্তু অবশ্য তামিম নন, আরেকজন, ‘উই আর মিসিং ইউ মাশরাফি!’ লেখার দুই পাশে আবার মাশরাফির প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে লাল-সবুজ রঙে আঁকা আছে ‘হার্ট’।প্রথমবার মাঠে খেলা দেখতে এসেছেন মো. শরীফ হোসেন। উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ছেন শেখ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে। পরশুই শেষ হয়েছে টেস্ট পরীক্ষা, বন্ধুরা মিলে ঠিক করলেন খেলা দেখবেন। হঠাৎ মনে হলো, মাঠে আসবেন কিন্তু সবচেয়ে প্রিয় তারকাই তো দলে নেই! মাশরাফির প্রতি সমবেদনা জানাতে তাই নিয়ে এসেছেন প্ল্যাকার্ড। শাহাদাত হোসেনকে তখন ছয় মারলেন কার্ক এডওয়ার্ডস। সেদিকে তাকিয়ে বললেন, ‘মাশরাফি থাকলে দেখতেন ফাটিয়ে দিত।’