মাঠের মুখ
গেট দিয়ে ঢুকেই শুনলেন গ্যালারির গর্জন, ‘সাকিব, সাকিব...।’ তিনিও চিৎকার করলেন, ‘সাকিব...সাকিব।’ একটু পর সাকিবের আউটে থেমে গেল উল্লাস। লাঞ্চের আগে আগে মুশফিক আউট হতে পুরো গ্যালারিই থমথমে। ম্যাচের ভবিষ্যৎ তখন পরিষ্কার। তিনিও গ্যালারি থেকে বেরিয়ে দাঁড়িয়ে রইলেন একাডেমি মাঠের পাশের দেয়ালে ঠেস দিয়ে।কাছে যেতেই উগরে দিলেন যত ক্ষোভ, ‘ভেবেছিলাম, বাংলাদেশ ড্র করলেও করে ফেলতে পারে। ধুর, আরেকটু দেখে খেললে কী হয়!’ হতাশ এই দর্শকের নাম ইমরান নাজির। ভিরমি খেতে হলো আরেকটা তথ্য জেনে, জিনস ও টি-শার্ট পরা, চুল স্পাইক করা তরুণটি পড়েন মাদ্রাসায়! তাঁর নামটা মনে করিয়ে দেয় প্রতিভাকে পারফরম্যান্সে অনুবাদ করতে না-পারা এক পাকিস্তানি ওপেনারের কথা। এটা শুনে তিনি জানালেন আরও চমকপ্রদ তথ্য। মা-বাবা তাঁর নাম দিয়েছিলেন ইমরান হোসেন, কিন্তু ওই পাকিস্তানি ব্যাটসম্যানকে ভালোবেসে নিজেই নাম বদলে রেখেছেন ইমরান নাজির। বোর্ডের পরীক্ষায় এই নামেই রেজিস্ট্রেশন করেছেন, মা-বাবা বাধ্য হয়ে মেনে নিয়েছেন! মা-বাবার সঙ্গেই থাকেন শেওড়াপাড়ায়। বাবার আসবাবপত্রের ব্যবসা আছে, ভবিষ্যৎ নিয়ে তাই ভাবেন না, ‘বাবার ইচ্ছায় মাদ্রাসায় পড়ছি। পড়াশোনা শেষ হলে বাবার ব্যবসায় বসব। জীবন চলে যাবে...।’