মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাফিজুল ইসলাম
হাফিজুল ইসলাম

‘ফলোঅন না করানোয় আমাদের জন্য ভালো হয়েছে বুঝলেন’—বিজ্ঞের মতো বললেন হাফিজুল ইসলাম। মাথা ঝাঁকিয়ে সায় দিতেই এই টেস্টের বাকি গল্পটাও তাঁর ঠোঁটের আগায়, ‘বড় লক্ষ্য দিতে হলে তো ওদের আজকে (গতকাল) সারা দিন ব্যাটিং করতে হবে। তারপর বাকি থাকল দুই দিন। টানা দুই দিন ব্যাটিং করার ব্যাটসম্যান তো আমাদের আছেই। খুলনায় দেখলেন না? আর তাহলেই টেস্ট ড্র।’
কাল চা-বিরতির কিছু আগে নর্থ স্ট্যান্ডের গ্যালারিতে বসে টেস্টটা ড্র করার স্বপ্ন দেখতে থাকা এই তরুণ এসেছেন পল্টন থেকে। পড়াশোনা শেষ করে এখন পল্টনেই একটা ল’ ফার্মে কাজ করছেন। টেস্টের তৃতীয় দিনটা ছুটির দিন ছিল বলে মাঠে আসার ফুসরত মিলেছে। আর এটাই তাঁর জীবনে প্রথমবার গ্যালারিতে বসে খেলা দেখার অভিজ্ঞতা। পাকিস্তানের সঙ্গে দুটি টেস্ট ড্র করতে পারাই বড় প্রাপ্তি হবে বলে বিশ্বাস হাফিজুলের।
দারুণ ক্রিকেটপ্রেমী হাফিজ, বাংলাদেশ দলে তাঁর প্রিয় খেলোয়াড় দুজন। মাশরাফি আর সাকিব। মাশরাফিকে ভালো লাগার কারণটা শুধু পারফরম্যান্স নয়, একের পর এক চোট পেয়েও অনেক দিন ধরে যেভাবে দেশের স্বার্থে খেলে যাচ্ছেন সেটিও। আর সাকিব? ‘ওর তুলনা তো ও নিজেই। নইলে কি আর বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়!’