মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী মনে হয়, আজ হবে? স্কোর কার্ডের দিকে একবার তাকালেন, এরপর মাথায় হাত বুলিয়ে বললেন, ‘২৬২ তো, কঠিন হবে। তবে আমার মনে হয়, আজ আমরা ফাইট দিতে পারব।’ ওই মাথায় হাত বুলানোর একটা তাৎপর্য আছে। গ্যালারিতে পতাকার ছড়াছড়ি। কারও হাতে, কারও গলায়, কারও মাথায় পতাকা। কারও গালে লাল-সবুজ আঁকা, কারও কপালে, কারও বা বুকে। আর কাজী মামুনের পুরো মাথাটাই একটা পতাকা!পরশু রাতেই ভাবছিলেন, মাঠে ব্যানার-প্ল্যাকার্ড কী নিয়ে যাওয়া যায়। হঠাৎই এক বন্ধুর মাথায় আইডিয়া এল, যে-ই ভাবা সেই কাজ। সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করে ফেললেন, মাঠে ঢোকার আগে পুরো মাথায় আঁকিয়ে নিলেন লাল-সবুজ! এই বন্ধুদের সঙ্গে পরিচয় হওয়ারও গল্পটাও মজার। মামুনের বাড়ি নারায়ণগঞ্জে, তবে ছয় বছর ধরেই থাকেন সৌদি আরবে। ব্যবসায় ভালোই পসার জমিয়েছেন ওখানে। এই বন্ধুদের সঙ্গে পরিচয় ফেসবুকে। এখন এক মাসের ছুটিতে দেশে এসে বাড়ির চেয়ে বেশি থাকছেন বন্ধুদের সঙ্গেই। দেশের বাইরে থাকলেও টিভিতে বাংলাদেশের খেলা দেখা খুব একটা মিস করেন না। এবার দেশে এসে খেলা দেখছেন মাঠে এসেই। নিজের বুকে দুটি চাপড় মেরে বললেন, ‘দেশের বাইরে ক্রিকেটটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। দেশকে ভালোবাসি, দেশের ক্রিকেটকে ভালোবাসি।’ এই বলতে বলতেই তামিম আউট, নির্বাক মামুন তাকিয়ে রইলেন সেদিকে...।