মাঠের মুখ
আগে প্রিয় খেলোয়াড় ছিলেন তামিম ইকবাল, এখন মুশফিকুর রহিম। চট্টগ্রামের ছেলে চট্টগ্রামের মাঠে এসে যদি খেলতে না পারে, তাহলে তাকে আর প্রিয় খেলোয়াড়ের তালিকায় রাখা কেন! ফয়সাল নবম শ্রেণীতে পড়ে, বাসা নগরের হালিশহরে। মধ্যাহ্নবিরতির সময় তাকে বসিয়ে রেখে আশপাশেই কোথাও গেছেন ভাই। বড় পর্দায় বিপিএলের ‘আসিতেছে’ জাতীয় বিজ্ঞাপন। ফয়সাল আগ্রহ নিয়ে তাকিয়েছিল সেদিকেই। তামিমকে আর পছন্দ নয় কেন? ‘তামিম তো এখন ভালো খেলে না। আগে ভালো খেলত। মুশফিক ভালো খেলে। যেকোনো সময় ম্যাচ জেতাতে পারে।’ কিন্তু একটু আগে তো মুশফিকও ৪ রান করেই ফিরে গেল! নাজিমউদ্দিন তখনো ছিলেন। তামিমের মতো চট্টগ্রামেরই ছেলে, তবে আগে কখনো খেলা দেখা হয়নি বলে এখনই তাঁকে মুশফিকের জায়গাটা দিতে আপত্তি ফয়সালের। আরেকটু দেখতে হবে। বাংলাদেশের ব্যাটিং দেখে মন খুব খারাপ, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের মতো কিছু হবে। কিন্তু পাঁচটা উইকেট পড়ে গেল...।’ ফয়সাল স্মৃতিচারণা করলেন আনন্দের সময়টার, ‘ওয়েস্ট ইন্ডিজ যে ৬১ রানে অলআউট হলো না, ওই ম্যাচটা দেখে খুব মজা পেয়েছি।’ মাঝে পরীক্ষা আছে। পরীক্ষা শেষে ফয়সালের ইচ্ছা শেষ দিনের খেলা দেখার। কিন্তু শেষ দিন পর্যন্ত যাবে তো টেস্টটা! ‘না গেলে আর কী করব? বাংলাদেশ ভালো না খেললে খেলা দেখে লাভ কী...’—আশপাশের দর্শকদের মনটাও যেন খারাপ করে দিল ফয়সাল!