মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের খেলায় তখন ‘লাঞ্চ ব্রেক’, তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে শীতের সকালের আমেজ। সূয্যি মামার তেজ কেবল বাড়তে শুরু করেছে, শীতবস্ত্র খুলে ফেলছে অনেকে। অনেকেই আড়মোড়া ভাঙছে, অনেকেই বসে আছে আয়েশ করে। অলস ভঙ্গিতে বসে আছেন তিনিও, তবে গ্যালারির সিটে নয়, হুইলচেয়ারে।২৭ বছর ধরে এই হুইলচেয়ারই মিসবাহ উদ্দিনের সবচেয়ে কাছের বন্ধু। তিন বছর বয়সে হাঁটার ক্ষমতা হারিয়েছেন পোলিওতে। সে সময়ের কথা মনে নেই। জ্ঞান হওয়ার পর থেকেই তাই বলা যায় মিসবাহর জীবন বাঁধা এই হুইলচেয়ারে। তবে নিজেকে এই গণ্ডিতে বেঁধে ফেলেননি। হুইলচেয়ার নিয়েই স্কুল-কলেজ পাড়ি দিয়ে চট্টগ্রাম কলেজ থেকে মাস্টার্স করেছেন ইংরেজিতে। এখন চাকরি করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। টিউশনিও করেন। প্রথম ক্রিকেটের প্রেমে পড়া ১৯৯৯ বিশ্বকাপ টিভিতে দেখে। তারপর থেকে চট্টগ্রামে খেলা হলেই মাঠে আসার চেষ্টা করেন। ভিড় কম থাকে বলে ওয়ানডের চেয়ে টেস্টেই বেশি আসেন। প্রথম দিন মাঠে না এসে কাল আসার একটা অদ্ভুত ব্যাখ্যা দিলেন, ‘বাংলাদেশের ব্যাটিং দেখলে আমার হার্টবিট বেড়ে যায়, সব সময়ই মনে হয় এই বুঝি কেউ আউট হলো। আজ কোনো টেনশন নেই, পাকিস্তান সারা দিন ব্যাট করবে, নিশ্চিন্তে খেলা দেখা যাবে।’ তাঁর জীবনের সবচেয়ে বড় আক্ষেপও এই ক্রিকেটকে নিয়ে, ‘এমনিতে হাঁটতে পারি না বলে আমার কোনো কষ্ট নেই। তবে মাঠে এলেই শুধু মনে হয়, যদি ক্রিকেট খেলতে পারতাম!’