মাঠের মুখ
অদ্ভুত দর্শকের মনস্তত্ত্ব! গাঁটের পয়সা খরচ করে মাঠে আসা যেন ক্রিকেটারদের গালাগাল করতে। বাউন্ডারির কাছে যে-ই ফিল্ডিং করতে আসছিলেন, গ্যালারি থেকে উপহার পাচ্ছিলেন অশ্রাব্য সব ভাষা। একজনকে পাওয়া গেল ব্যতিক্রম। বাউন্ডারির কাছাকাছি ফিল্ডিং করতে আসা মাহমুদউল্লাহ-শাহরিয়ারদের চিৎকার করে বলছিলেন, ‘একটু ধৈর্য ধরো বাবারা, মাথা ঠান্ডা রাখো...।’দলের পারফরম্যান্সে মনটা ভীষণ খারাপ মোহাম্মদ আজিম উদ্দিনেরও। মাঝেমধ্যে ভীষণ হতাশ হন, রাগও হয়। কিন্তু এটাও বোঝেন, ‘গালাগালি করে কী লাভ? গালাগালি করলে তো আরও খারাপ হবে। আমি ভালো কিছু বলার চেষ্টা করি, ওদের কানে খানিকটা পৌঁছালে হয়তো ওদের একটু ভালো লাগবে।’ তিনি থাকেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গা ঘেঁষেই। কাজ করছেন একটি মৎস্য রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে। ক্রিকেটসংগঠক হিসেবেও যথেষ্ট পরিচিতি আছে। বাংলাদেশের ক্রিকেট যখন এতটা আলোয় আসেনি, সেই সময়টাতে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন চট্টগ্রামের ক্রিকেটে। এখন আর সেই সময় পান না, তবে চট্টগ্রামে খেলা হলে অফিসের হাজারো ব্যস্ততা ফেলেও মাঠে আসেন। ওয়ানডের সময় প্রায়-ই কয়েক গুণ বেশি দামে টিকিট কিনতে হয়, ব্যবস্থাপনা কেন আরেকটু ভালো হয় না এ নিয়ে ব্যাপক ক্ষোভও আছে তাঁর। তার পরও শত ঝামেলা সয়ে মাঠে আসেন, ক্রিকেট দেখার মতো সুখ যে আর কিছুতে পান না!