মাঠের মুখ
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে হ্যারি পটার! চোখ কচলে নিশ্চিত হওয়া গেল, দৃষ্টিভ্রম নয়, চোখের সামনে সত্যিই ড্যানিয়েল র্যাডক্লিফ! সেই একই চেহারা, গায়ের রং, চুল, হাসি...শুনে যেন একটু বিরক্ত হলো জারিফ তাহমিদ, ‘আমার চশমা কি হ্যারি পটারের মতো গোল নাকি? হ্যারি পটার আমার এত ভালোও লাগে না। একটা সিনেমা অর্ধেক দেখে আর দেখিনি।’সিজিএস ন্যাশনাল কারিকুলাম স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে সে। মাঠে এসেছে বাবা আর যমজ বোন সুনেহেরার সঙ্গে। আমাদের এই হ্যারি কিন্তু যথেষ্টই দুরন্ত। গ্যালারির ওপরে-নিচে দৌড়াদৌড়ি, বাবার রোদচশমা ধরে টানাটানি, বোনের ক্যাপ কেড়ে নেওয়া, চুল ধরে টানা, চেয়ারে বসে দোল খেলা—একটা মুহূর্ত স্থির নেই। মাঠের খেলারও মনোযোগী দর্শক নয়। চার-ছয় হলে সবার দেখাদেখি লাফালাফি করছে, এরপরই আবার ব্যস্ত নিজের কাজে। ‘আমার ফুটবল খেলা বেশি প্রিয়, ক্লাবের মধ্যে বার্সেলোনা আর দেশের মধ্যে আর্জেন্টিনা। ক্রিকেট খেলা মিডিয়াম ভালো লাগে।’ তাহলে মাঠে এসেছ কেন? খানিকটা ভাবনায় পড়ে গেল হ্যারি, ‘উম্...বাবা নিয়ে এসেছে’ বলেই দিল এক ছুট...।