মাঠের মুখ
দুই শিশুসন্তানকে নিয়ে গ্যালারির এক কোণে বসে আছেন ইয়াসমিন আক্তার। একটু পর স্বামী মাসুদ বিন আবদুল্লাহ এসে হাজির, বাচ্চাদের জন্য কী যেন আনতে গিয়েছিলেন। এসেই আট বছরের ছেলে ইয়ামিনকে বোঝাতে শুরু করলেন, ‘বাবা, এই যে দেখছ, এখন ওভার শেষ হয়েছে। ৬ বলে এক ওভার...দেখো, ভালো করে খেয়াল করো।’ পল্লবীর বাসা থেকে স্টেডিয়ামে এসেছেন বাংলাদেশের ৪ উইকেট পড়ে যাওয়ার পর। চারটি উইকেট পতনের দৃশ্যই বাসায় টিভিতে দেখেছেন ট্রাস্ট ব্যাংকের কাফরুল শাখার কর্মকর্তা। গোটা পরিবার নিয়ে এই প্রথম মাঠে। একা অনেকবারই এসেছেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেটের এমন সমর্থক, বাংলাদেশের খেলার প্রতিটি বল দেখা চাই-ই চাই। আর কোনো দলের খেলা দেখি না।’৩৭ বছর বয়সী মাসুদের কালকের সকালটা কাটল বিরক্তিতে। বাংলাদেশ দলে এত পরিবর্তন দেখে মহাবিরক্ত, ‘দলে এত আসা-যাওয়া হলে কনফিডেন্স থাকে খেলোয়াড়দের? আশরাফুলকে নিল, আবার বাদ, কোনো মানে আছে! আরে বাবা, দশটা শূন্য করলেও তামিম, সাকিব, আশরাফুলদের দলে রাখা উচিত। কে বলবে কখন ক্লিক করে বসবে!’পরিবারের সবাইকে নিয়ে খেলা দেখার ঝক্কিও আছে। চার বছরের মেয়ে মাহজাবিনের বাথরুম পেয়েছে। ছেলেটা গরম কাপড়চোপড়ে বেশি গরম লাগছে বলে ঘ্যানঘ্যান করছে। স্ত্রীর তাড়া, মেয়েটাকে একটু খাওয়াও। সাকিব আর শাহরিয়ার জমিয়ে ব্যাট করছেন তখন, সাকিবের টানা দুটি চার দেখে মাসুদের আনন্দ দেখে কে, ‘হবে, হবে....খেলাটা ওরা ধরছে!’