মাঠের মুখ
টেস্টে কেউ রানআউট হয়! দুই বোনের মুখ দিয়ে প্রায় একই সঙ্গে বেরিয়ে এল কথাটা। ছোট বোন প্রমিকে নিয়ে ক্লাব হাউস গ্যালারিতে বসে খেলা দেখছে শ্যামলী থেকে আসা এলিনা আহসান (বাঁধন)। দুজনই মনিপুর স্কুলের ছাত্রী। বাঁধন পড়ে ক্লাস নাইনে, প্রমি ফোরে। সকালে মা এসে স্টেডিয়ামে দিয়ে গেছেন দুজনকে।সাকিব আল হাসান দুই বোনেরই প্রিয় খেলোয়াড়। বিশ্বকাপের সময় প্রথম আলোর সঙ্গে দেওয়া সাকিবের পোস্টার, স্টেডিয়ামের দুই পাতাজুড়ে ‘পাঠকের প্রশ্ন সাকিবের উত্তর’ সব সংগ্রহে আছে বাঁধনের। প্রমির শখ সাকিবের ছবি কেটে ডায়েরির পাতায় সেঁটে রাখা। সেই সাকিবকে রানআউট হতে দেখাটা তো তাঁদের মনে ঝড় তুলবেই।সাকিবের রানআউটটা মুশফিকের দোষে কি না, এটা নিয়ে গ্যালারিতে তুমুল আলোচনা। তবে বাঁধনের আক্ষেপ অন্য, ‘ও দেখবে না যে মুশফিক থেমে গেছে! কেন আগেই ফিরে গেল না।’ সাকিবের ডাবল সেঞ্চুরি দেখার আশা ছিল। আশা ভঙ্গের জন্য নিজেকেই কাঠগড়ায় দাঁড় করাল বাঁধন, ‘আসলে আমার মাঠে এসে খেলা দেখার অভিজ্ঞতা কখনোই ভালো নয়। এর আগে দুটি ম্যাচ দেখেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে আর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা। ওই ম্যাচেই তো ৫৮ রানে অলআউট হলো বাংলাদেশ!’