মাঠের মুখ
খেলায় তখন মধ্যাহ্নবিরতি। বাংলাদেশের ড্রেসিংরুম ঘেঁষে থাকা গ্যালারির রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি গালে হাত দিয়ে। হঠাৎ ড্রেসিংরুম থেকে সাকিব আল হাসান বের হতেই যেন চমকে উঠলেন। প্রথমে ছবি তুললেন, এরপর এগিয়ে দিলেন অটোগ্রাফের খাতা। অটোগ্রাফ পেতেই বিশ্বজয়ের হাসি! একটু পর পরই খাতা খুলে দেখছিলেন ওই পাতাটা, যেখানে ছাপ রেখে গেছেন সাকিব। তাসমিম ইসলাম মুমু বিশ্বাসই করতে পারছিলেন না নিজের ভাগ্যকে, ‘সাকিবকে এত কাছ থেকে দেখেছি, ওর অটোগ্রাফ নিয়েছি, বোঝাতে পারব না কেমন লাগছে...।’ ক্রিকেট মোটামুটি নিয়মিতই অনুসরণ করেন, প্রিয় ক্রিকেটারের তালিকায় আছেন ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান ও জেমস অ্যান্ডারসন। কিন্তু সবার ওপরে সাকিব, ‘সাকিব সাকিবই, ওর মতো আর কেউ নেই।’তাঁর মাঠে আসার মূল উদ্দেশ্যই ছিল সাকিবকে কাছ থেকে দেখা। আরেকটু পেছনে গেলে, তাঁর ঢাকায় আসাও শুধু সাকিবের জন্য। বাড়ি সেই পিরোজপুর, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমিতে অষ্টম শ্রেণী পাড়ি দিয়ে এবার উঠলেন নবম শ্রেণীতে। সাকিব ব্যাটিং বা বোলিং করলে টিভি পর্দা থেকে চোখ সরান না। টিভি থেকে সাকিবের ব্যাটিং-বোলিং ভিডিও করে রাখেন। পত্রিকা-ম্যাগাজিন থেকে সাকিবের ছবি কেটে লাগিয়ে রাখেন ডায়েরির পাতায়। ছবির সংখ্যা ছাড়িয়েছেন আড়াই শ। অনেক দিনের ইচ্ছা মাঠে এসে কাছ থেকে দেখবেন সাকিবকে। সেই ভাবনা থেকেই এবার ঢাকায় এসেছেন বড় বোনের বাসায়। কিন্তু এখানেও বিপত্তি, মাঠে আসবেন কার সঙ্গে, দুলাভাই যে অফিস থেকে ছুটি পাচ্ছিলেনই না! অবশেষে কাল ছুটির ব্যবস্থা করতে পেরেছেন দুলাভাই, স্বপ্নপূরণ হয়েছে মুমুর!