মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক একই রকম লাল-সবুজ ট্র্যাকস্যুট পরা দুই ছেলেকে দুই পাশে বসিয়ে বসে আছেন তিনি সেই সকাল থেকে। শীতে তিনজনই জড়সড়, তবু উৎসাহ দিয়ে যাচ্ছেন দলকে। দলের হার তো প্রায় নিশ্চিত, তবু কেন এত কষ্ট করে শেষ দিনে মাঠে আসা? শুনে তিনি হাসেন, ‘প্রথমে ভেবেছিলাম, ৫ উইকেট পড়ে গেছে কী লাভ মাঠে গিয়ে! পরে ভাবলাম, যাই, বাংলাদেশের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে যাই। আমার নাম লাকি, আমরাও বাংলাদেশ দলের জন্য লাকি।’ পাশ থেকে রহস্য খোলাসা করলেন ছেলে তামজীদ, ‘আমরা মাঠে এসেছি এমন কোনো ম্যাচে বাংলাদেশ হারেনি।’নবম শ্রেণীপড়ুয়া যমজ ছেলে তামজীদ ও তাসদীদকে নিয়ে মাঠে এসেছেন ফিরোজা রশীদ লাকি। মাঠে আসেন মোটামুটি নিয়মিতই। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ক্রিকেট-পাগল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করে এখন শিক্ষকতা করছেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে (ইউডা)। পাশাপাশি অ্যাকাউন্টিংয়ে এমফিলও করছেন। বাংলাদেশ বিমানে কর্মরত স্বামীর চাকরির সুবাদে মাঝে সাড়ে চার বছর ছিলেন দুবাইয়ে। তখনো দুবাই স্পোর্টস সিটিতে গিয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়া খেলা দেখেছেন। বাংলাদেশের জন্য সৌভাগ্য বয়ে আনতে মাঠে এসেছিলেন, লাঞ্চ পর্যন্ত কোনো উইকেট পড়েনি দেখে দারুণ খুশি, ‘আমরা আবারও সফল হওয়ার পথে, বাংলাদেশ মনে হচ্ছে ড্র করে ফেলবে।’তাঁদের ‘অপরাজেয়’ রেকর্ড ভেঙে গেল, নিশ্চয়ই মন খারাপ করেই মাঠ ছেড়েছেন!