মাঠের মুখ
কালকের চেয়েও বেশি দর্শক মিরপুরে হয়েছে, কিন্তু এত রং, এত বৈচিত্র্য মনে হয় আগে কখনো দেখা যায়নি। পতাকা আর জার্সির প্রদর্শনী তো ছিলই, আর ছিল নানা আকারের নানা বর্ণের টুপি! টি-টোয়েন্টির দর্শক অবশ্য এমনই হওয়া উচিত। এর মাঝেই খুঁজে পাওয়া গেল এক খুদে ছন্দের জাদুকরকে। একটা প্ল্যাকার্ড উঁচিয়ে সে নাচছে, যেটায় লেখা, ‘বাংলাদেশ মারবে ছয়, পাকিস্তান পাবে ভয়!’কারও কাছ থেকে ধার করা আইডিয়া নয়, মোহাম্মদ আকাশের নিজের মাথা থেকেই এসেছে এটা। প্ল্যাকার্ডটা বানিয়েছে সে নিজেই। গোয়ালন্দ আবদুল হাকিম একাডেমিতে পড়ে অষ্টম শ্রেণীতে। বড় ভাইয়ের কাছে ঢাকায় এসেছে স্রেফ এই ম্যাচটা দেখবে বলেই। এর আগে জীবনে কখনো স্টেডিয়ামে এসে খেলা দেখেনি। টিভিতে খেলা দেখত আর স্বপ্ন দেখত মাঠে এসে খেলা দেখার। এবার কদিন আগেই শেষ হলো জেএসসি পরীক্ষা। স্কুল বন্ধ, পড়াশোনার চাপ নেই। এর মাঝেই চলে এসেছে পাকিস্তান দল। বাবা-মায়ের কাছে গোঁ ধরল, খেলা দেখতে যাবেই। অনুমতি মিলতে খুব একটা সমস্যা হয়নি। খালাতো ভাইয়ের সঙ্গে চলে এসেছে ঢাকায়। জীবনে প্রথম স্টেডিয়ামে এসে মুগ্ধ সে বিশালত্ব দেখে, ‘কত বড় স্টেডিয়াম, কত সুন্দর, কত মানুষ...!’