মাঠের মুখ
‘বুম বুম আফ্রিদি’ লেখা বিশাল এক প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন চার-পাঁচজন। ঠিক পাশেই একজন বসে ‘শাবাশ বাংলাদেশ’ লেখা হেডব্যান্ড পরে। এক গালে আঁকা লাল-সবুজ পতাকা, আরেক গালে লেখা ‘বুম বুম তামিম!’ ব্যাখ্যা করলেন নিজেই, ‘আফ্রিদিকে পছন্দ করে অনেকেই। কিন্তু দেশের খেলায় এসব ব্যক্তিগত পছন্দের আগে দেশ। আর তামিমও তো চার-ছয় কম মারে না। আমার কাছে তামিম আফ্রিদির চেয়ে অনেক ভালো ব্যাটসম্যান।’ফেনী পলিটেকনিক্যালে সিভিল শেষ বর্ষে পড়েন। ঢাকায় এসেছেন একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করতে। মিরপুরেই কয়েকজন বন্ধু মিলে বাসা ভাড়া নিয়ে থাকেন। মাঠে এসেছেন ভোর চারটায়! ভুল পড়ছেন না, চারটাই। অথচ এসে দেখেন টিকিটের লাইনে আরও প্রায় ৪০-৫০ জন সামনে! টিকিট কেটে মাঠে ঢুকেছেন ১১টার দিকে। এত আগে এসেছেন আসলে টি-টোয়েন্টি ম্যাচটির তিক্ত অভিজ্ঞতায়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে ফিরে গেছেন। অবশ্য তামিম খেলেননি শুনে আক্ষেপ অনেকটাই কমে গেছে, ‘তামিম যতক্ষণ ব্যাটিং করে, ততক্ষণই মজা লাগে। ওকে মনে হয় সত্যিকারের বাঘ। মাশরাফিও এমন ছিল। যখন বোলিং করত, মনে হতো বাঘ ছুটে যাচ্ছে।’সেই ‘বাঘ তামিম’ কাল শূন্য রানেই আউট হয়ে যাওয়ার পর শাহাদাত আর মাঠে ছিলেন না কি না, কে জানে!