মাঠের মুখ

সাগর সিকদার
দেশের জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষা মনে। কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে তা করবেন। এই বয়সে অবশ্য সেটা করার খুব বেশি সুযোগও নেই। মাত্রই যে দিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষা! দেশের কাজ করার জন্য তাই আপাতত বেছে নিলেন বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন করাটাকেই। মাদারীপুরের টেকেরহাট থেকে চলে এসেছেন ফতুল্লা টেস্ট দেখতে, উঠেছেন নতুন বাজারে ভাইয়ের বাসায়। ওয়ানডে সিরিজটাও দেখতে চান, তবে টিকিট পাবেন কি না এ নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। ক্রিকেটের জন্য প্রয়োজনে নিজের জীবনটাও নাকি দিয়ে দিতে পারেন। ভারতের বিপক্ষে চলতি সিরিজে নিজেকেও মনে করছেন দেশের পক্ষে একজন ‘যোদ্ধা’, ‘আমি মনে করি, শুধু মাঠের ১১ জনই খেলছে না। ভারতের বিপক্ষে বাংলাদেশের সব মানুষের লড়াই এটা। আমরা সবাই খেলছি। বিশ্বকাপে ওরা যেভাবে আমাদের জোর করে হারিয়ে দিল, আমি চাই বাংলাদেশ ভারতকে বাংলাওয়াশ করুক।’ তা এই যে এত বড় ক্রিকেটপ্রেমী, তাঁর সবচেয়ে পছন্দের ক্রিকেটার কে? এখানেও সাগরকে ব্যতিক্রমই মনে হলো, ‘নির্দিষ্ট কেউ না। আমার সব খেলোয়াড়কেই ভালো লাগে। বাংলাদেশের ১১ জনই আমার কাছে সেরা খেলোয়াড়।’