মাঠের মুখ

গার্মেন্টসের চাকরি। সকালে ফ্যাক্টরিতে ঢুকে বের হন সেই সন্ধ্যায়। খেলা দেখার সময় কই! কিন্তু ক্রিকেট যদি আপনার ভালোবাসা হয়, কোনো বাধাই আসলে বাধা নয়। জীবিকার টানে নারায়ণগঞ্জে নিবাস গড়া নীলফামারীর তরুণ আবুল কালামের কথাই ধরুন। সকাল-সন্ধ্যা সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করার পরও বাংলাদেশ দলের কোনো খেলা তাঁর মিস নেই। যেখানেই খেলা হোক, সচল হয়ে ওঠে মোবাইলের ইন্টারনেট। ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে মাঝেমধ্যেই ঢুকে দেখে নেন খেলা, স্কোর। এত দিন টেলিভিশনের বাইরে এভাবেই দেখেছেন সাকিব-মুশফিকদের সাফল্য-ব্যর্থতা। মাঠে এসে খেলা দেখা হয়নি কখনো। কাল সেই সুযোগটাও এল, ‘শুক্রবার তো...ছুটি আছে। তাই ভাবলাম খেলা দেখে আসি। স্টেডিয়ামে এসে এর আগে খেলা দেখিনি।’ মধ্যাহ্ন বিরতির সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় একটু অনিশ্চয়তা কণ্ঠে, খেলা আর হয় কি না কে জানে! তবে আশাবাদী হওয়ার ক্ষেত্রে এই তরুণকে ফেলতে পারেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাতারে, ‘খেলা হলে আশা করি ভালো কিছু হবে। বাংলাদেশ তো এখন সব ম্যাচেই ভালো খেলে।’ আবুল কালামের ইচ্ছা আছে, ঢাকায় গিয়ে ওয়ানডে সিরিজেরও দু-একটা ম্যাচ দেখার। সেটা না হলেও সমস্যা নেই। হাতে তো মোবাইল আছেই!